Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যমগ্রামে ডাম্পিং গ্রাউন্ডের আগুন নেভেনি, বৃষ্টির দিকে তাকিয়ে বাসিন্দারা

এখনও নেভেনি মধ্যমগ্রাম পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের আগুন।

মধ্যমগ্রামে ডাম্পিং গ্রাউন্ডের আগুন নেভেনি, বৃষ্টির দিকে তাকিয়ে বাসিন্দারা
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এখনও নেভেনি মধ্যমগ্রাম পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের আগুন। পরিস্থিত যা তাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা মুশকিল দমকলের কাছে। এখনও ধিক ধিক করে জ্বলছে আগুন। দূষিত ধোঁয়া ছড়িয়ে আশপাশের এলাকার বাসিন্দাদের সমস্যা বাড়ছে। যেখানে আগুন দেখা যাচ্ছে, সেখানেই জল ঢেলে নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল। তবে আগুন আবর্জনার স্তূপের ভিতর পর্যন্ত ছড়িয়ে যাওয়ায় সেখানে ঠিকমতো জল পৌঁছচ্ছে না। তাই আগুন নেভানো যাচ্ছে না। ভরসা বৃষ্টির জল। আগামী দিনে যাতে এই ধরনের বিপত্তি না হয় সে ব্যাপারে উদ্যোগী হল পুরসভা, কেএমডিএ ও জেলা প্রশাসন। মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক হয়। সেখানে দ্রুত বায়ো মাইনিং প্রযুক্তিতে জঞ্জাল অপসারণ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

মধ্যমগ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদু ঢালিপাড়ায় প্রায় ১৮ বিঘা জমির উপর রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। সেখানে ২৫টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয়। তা জমে জমে কার্যত পাহাড় তৈরি হয়েছে। সেই ডাম্পিং গ্রাউন্ডে শনিবার আচমকা আগুন লাগে। এদিন ডাম্পিং গ্রাউন্ড ইস্যুতেই মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ পুর আধিকারিকদের নিয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) কাজল রায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বায়ো মাইনিং প্রযুক্তির মাধ্যমে শহরের জঞ্জাল অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জঞ্জাল অপসারণের জন্য কেএমডিএ-র আর্থিক সাহায্যে বায়ো মাইনিং প্রযুক্তি ব্যবহার করা হবে এই ডাম্পিং গ্রাউন্ডে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করতে চাইছে পুরসভা। 
গ্রাউন্ডের জঞ্জালের পাহাড় কেটে আগে সমতল করা হবে। এরপর বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য এখানে স্যানিটারি পিট বা ল্যান্ডফিল করা হবে। নতুন ল্যান্ডফিলে আবর্জনা জমা হবে। আর একটি ল্যান্ডফিল ভর্তি হয়ে যাওয়ার পর পুরনো বর্জ্যকে বায়ো মাইনিং প্রযুক্তির সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় মাধ্যমে মাটি ও জৈব সার তৈরি করা হবে। প্লাস্টিকের সামগ্রী কেএমডিএ নিয়ে যাবে সিমেন্ট কারখানার জন্য। পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ডের চারদিকের রাস্তা, আলো এবং জলের ব্যবস্থা সহ সিসি ক্যামেরার নজরদারিও করা হবে। পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, বুধবার থেকেই কাজ শুরু হয়ে যাবে। গ্রাউন্ডে যাতে বহিরাগত কেউ ঢুকতে না পারে সেই জন্য চারদিকে আটটি সিসি ক্যামেরা বসানো হবে। 
বুধবার সকাল ১১টায় কেএমডিএ, পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ পরিদর্শন হবে ডাম্পিং গ্রাউন্ড। 
এদিকে, মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, বায়ো মাইনিং প্রযুক্তির সাহায্যে জঞ্জাল অপসারণের প্রক্রিয়া শুরু হচ্ছে পুরসভার  ডাম্পিং গ্রাউন্ডে। ফলে স্থানীয়দের সমস্যা মিটবে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ