Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

২০ ‘দাগী’ ধরার ফতোয়া! কালঘাম ছুটছে থানাগুলির

প্রতিটি থানা এলাকায় অন্তত ২০ জন হিস্ট্রি শিটারকে ধরতেই হবে। এই কাজ শুরু করে দিতে হবে সোমবার রাত থেকেই। এর জন্য ব্যাপক মাত্রায় তল্লাশি চালাবে থানাগুলি।

২০ ‘দাগী’ ধরার ফতোয়া! কালঘাম ছুটছে থানাগুলির
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিটি থানা এলাকায় অন্তত ২০ জন হিস্ট্রি শিটারকে ধরতেই হবে। এই কাজ শুরু করে দিতে হবে সোমবার রাত থেকেই। এর জন্য ব্যাপক মাত্রায় তল্লাশি চালাবে থানাগুলি। পুলিশ পর্যবেক্ষকদের মাধ্যমে কমিশনের তরফে এমনই নির্দেশ এসেছে রাজ্য ও কলকাতা পুলিশের থানাগুলির কাছে। এরপরই রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে পুলিশ মহলে। নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে কীভাবে এত হিস্ট্রি শিটার ধরা সম্ভব! এই প্রশ্নে রীতিমতো চিন্তার পড়েছে থানাগুলি।

Advertisement

নির্বাচন ঘোষণার পর পুলিশ পর্যবেক্ষকরা থানার ওসিদের সঙ্গে বৈঠকে বারবার হিস্ট্রি শিটার ধরার উপর জোর দেন। তাদের তালিকা প্রস্তুত করার কথা বলা হয়েছে। তাদের মধ্যে কতজন এলাকায় থাকছে না বা পলাতক, তা নিয়ে খোঁজখবর চালাতে নির্দেশ এসেছে। কমিশনের নজরে এসেছে, বারবার বলা সত্ত্বেও হিস্ট্রি শিটারদের ধরার জন্য তেমন হেলদোল নেই থানাগুলির। বড়ো বড়ো হিস্ট্রি শিটার এখনো বাইরে রয়েছে। এই কারণে ভোটের দিন গোলমালের আশঙ্কা থেকেই যাচ্ছে। এই বিষয়ে থানার অফিসাররা কখনো যুক্তি দিচ্ছেন, তাদের ধরা যাচ্ছে না কিংবা বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি। আবার কখনো বলা হচ্ছে, যেসব হিস্ট্রি শিটার জামিনে বাইরে রয়েছে, তাদের কোন ধারায় ফের গ্রেপ্তার করা হবে। 
এক্ষেত্রে আদালতে মামলা হলে সমস্যায় পড়বেন তাঁরা। এই কারণে থানাগুলি বহু হিস্ট্রি শিটারকে ধরার বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়েছে। যদিও কমিশন তাদের ধরার জন্য উদ্যোগ নিয়েছে। হাল ছাড়তে রাজি নয় কমিশন।  রবিবার রাতেই সমস্ত থানার কাছে নির্দেশ পৌঁছেছে হিস্ট্রি শিটারদের কোনোভাবেই বাইরে রাখা যাবে না। তাদের দিক থেকে শান্তিভঙ্গের সামান্যতম সম্ভাবনাও রুখতে হবে। যেকোনোভাবেই বাগে আনতে হবে বিগ হিস্ট্রি শিটারদের। তাই তাদের গ্রেপ্তার করবে থানাগুলি।  প্রতিটি থানা এলাকার হিস্ট্রি শিটারদের তালিকা হাতে হাজির পুলিশ পর্যবেক্ষকরা। থানার অফিসারদের তাঁরা বলে দিচ্ছেন, এর মধ্যে কারা ‘বিগ’! তাদের ধরতে হবে রাতের মধ্যেই। কমিশনের তরফে আরো নির্দেশ, সোমবার রাত থেকে প্রতিটি থানাকে ২০ জন বিগ হিস্ট্রি শিটার ধরতেই হবে। যদি কেউ তা না-পারে তাহলে সংশ্লিষ্ট থানাকে তার জন্য জবাবদিহি করতে হবে। জানাতে হবে, কেন ধরা গেল না কিংবা অভিযুক্তদের ধরার ক্ষেত্রে আগে কী কার্যকরী পদক্ষেপ করা হয়েছিল।

সম্পর্কিত সংবাদ