নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ বছরের কিশোরী মেয়ের উপর যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করল পুলিস। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার আলিপুরের পকসো আদালতের বিচারক অভিযুক্তকে আগামী ২১ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
বাবার হাতে মেয়ের নির্যাতনের খবর প্রকাশ্যে আসে এই কিশোরীকে উদ্ধারের পর। সম্প্রতি যাদবপুরের বাসিন্দা ওই কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে বিহারের ছাপরা থেকে তাকে উদ্ধার করে পুলিস। কিশোরীর বয়ান থেকে জানা যায়, বাবা যৌন নির্যাতন চালাত বলে সে ক্ষোভে বাড়ি ছেড়ে বিহারে চলে গিয়েছিল। সরকারি আইনজীবী মাধবী ঘোষ বলেন, ওই কিশোরীকে একটি হোমে রাখা হয়েছে। তার গোপন জবানবন্দি রেকর্ড করার পাশাপাশি মেডিকো লিগ্যাল পরীক্ষাও করা হয়েছে। এদিন ধৃতের তরফে আদালতে জামিনের আর্জি জানালে সরকারপক্ষ জোরালো আপত্তি জানায়। বিচারক সেই আবেদন বাতিল করে দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে মেয়ে নিখোঁজ হওয়ার পর তার বাবা যাদবপুর থানায় মিসিং ডায়েরি করেন। কী কারণে মেয়ে নিখোঁজ হতে পারে, তা নিয়ে পুলিস বার বার জিজ্ঞাসা করলেও তার বাবা নিজের কুকর্মের কথা চেপে যায়। প্রাথমিকভাবে পুলিসের মনে হয়েছিল, প্রেমের টানেই হয়তো কিশোরী বাড়ি থেকে পালিয়েছে। পরে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিস কিশোরীকে ছাপরা থেকে উদ্ধার করে। আদালত সূত্রে জানা গিয়েছে, তদন্ত শেষ হলেই ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে।