পাল্লেকেলে: মঙ্গলে ঊষা, বুধে পা। আর সেই মঙ্গলবারই পাল্লেকেলেতে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ইংল্যান্ড। সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দাপটে হারিয়েছে তারা। পক্ষান্তরে, পাকিস্তানের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের গত ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছে সলমন আগাদের। তাই শেষ চারের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে।
পাল্লেকেলের পিচে ব্যাটসম্যানরা সুবিধা পেয়ে থাকেন। তবে সেটা কতটা কাজে লাগাতে পারবে দু’দল সেটাই বড় কথা। কারণ ব্যাটিংই দুর্বল জায়গা ইংল্যান্ড ও পাকিস্তানের। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়েছিল ইংল্যান্ড। তবে ব্রিটিশদের সেই জয়ের নেপথ্যে ছিলেন বোলাররা। জোফ্রা আর্চার, উইল জ্যাকস, আদিল রশিদরাই প্রতিপক্ষের ইনিংসে ধস নামিয়েছিলেন। ব্যাটে একমাত্র বড় রান করেছিলেন ফিল সল্ট (৬২)। বাটলার, ব্রুকসরা চূড়ান্ত ব্যর্থ। একই হাল পাক দলেরও। ওপেনার ফারহান ছাড়া ছন্দে নেই কেউ। ফলে মঙ্গলবারও ম্যাচের ভাগ্য গড়তে পারেন বোলাররাই। পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন বিতর্কিত স্পিনার উসমান তারিক। সঙ্গে ভরসা দিচ্ছেন সাইম আয়ুব, আব্রার আহমেদ, শাদাব খানের মতো স্পিনাররা। তবে খুব পিছিয়ে নেই ইংল্যান্ড। আর্চার, জ্যাকসরা পেসে আগুন ঝরাচ্ছেন। ছন্দে আছেন স্পিনার আদিল রশিদও। ফলে জমজমাট লড়াইয়ের প্রতীক্ষায় ক্রিকেট বিশ্ব।
খেলা শুরু সন্ধ্যা ৭টায়।
সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।