তিলকের আউটই টার্নিং পয়েন্ট: সঞ্জু
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: গত দু’টি টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। তাই শ্রেয়স আয়ারদের ঘিরে প্রত্যাশাও তুঙ্গে। কিন্তু বুধবার চতুর্থ টি-২০’তে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে চাপে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের দেওয়া ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২৩ রানেই গুটিয়ে যায় দল। আর এই হারের জন্য তিলক ভার্মার আউটই টার্নিং পয়েন্ট বলে মনে করছেন সঞ্জু স্যামসন। তিনি বলেন, ‘প্রায় আড়াইশো রান তাড়া করা মুখের কথা নয়। তবুও আমাদের ব্যাটাররা দারুণ পারফরম্যান্স মেলে ধরে। শেষদিকে তিলকের ব্যাটে জয়ের আশা জিইয়ে ছিল। কিন্তু ও আউট হতেই ম্যাচের রাশ হাতছাড়া হয়। ওর উইকেটই টার্নিং পয়েন্ট।’ সঞ্জু স্যামসনের অর্ধশতরানের সুবাদে শুরুটা ভালোই করেছিল ভারত। শেষদিকে জয়ের জন্য ২৪ বলে দরকার ছিল ৫৯ রান। ১৭তম ওভারের প্রথম বলে ছক্কাও হাঁকান তিলক। কিন্তু সেই ওভারের শেষ ডেলিভারিতে শেফার্ডের শিকার হন তিনি (২৫ বলে ৪৩)। তার কিছুক্ষণ পর নীতিশ রেড্ডি আউট হতেই ব্যাকফুটে চলে যায় ভারত। সঞ্জুর কথায়, ‘হায়দরাবাদের পিচে হাই-স্কোরিং ম্যাচ হবে, সেটার আঁচ করেছিলাম। এখানে প্রথম বল থেকেই পঞ্চম গিয়ারে খেলতে হবে। তবে সবসময় সেটা সম্ভব হয় না। পরিস্থিতি বুঝে খেলতে হয়। প্রশংসা করতে হবে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের। দুরন্ত ছন্দে রয়েছে। ঝুঁকি না নিয়ে দুরন্ত সব ক্রিকেটীয় শট খেলে ও। হোপকে কৃতিত্ব দিতেই হবে।’

Advertisement

হারের দায় এড়াতে পারবেন না ভারতীয় বোলাররা। হায়দরাবাদে মায়াঙ্ক-অর্শদীপ-অক্ষরদের ছন্নছাড়া বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে আড়াইশোর কাছাকাছি স্কোর তোলে ক্যারিবিয়ানরা। যশপ্রীত বুমরাহর অভাব রীতিমতো প্রকট। এই প্রসঙ্গে সঞ্জু বলেন, ‘বুমরাহর মতো বোলার প্রজন্মে একবার আসে। আমরা ভাগ্যবান যে, তার সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। ওর অভাব পুরণ হওয়া মুশকিল। তবে সম্প্রতি অনেক তরুণ প্রতিভা উঠে আসছে। তাদের সময় দিতে হবে। যত ম্যাচ খেলবে অভিজ্ঞতা বাড়বে। যাইহোক, এখন সিরিজ ২-২। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে সেরাটা উজাড় করতে দিতে তৈরি।’