নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ কোটি ৩৯ লক্ষ টাকার বিনিয়োগ প্রতারণা মামলায় লালবাজার সাইবার থানার গোয়েন্দারা হরিপাল থানা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুপ্রিয় সিনহা রায় (৪২)। ধৃত পেশায় বহুজাতিক সংস্থার নামী সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৫টা নাগাদ তাকে আলিপুর পূর্বপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে লালবাজারের দাবি, ধৃত সুপ্রিয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারিত ব্যক্তির ৩০ লক্ষ টাকা ঢুকেছে। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে এটিএম কার্ড, মোবাইল, ল্যাপটপ, ব্যাঙ্কের নথিপত্র বাজেয়াপ্ত করেছে লালবাজার।
উল্লেখ্য, শেয়ারে বিনিয়োগ করলে কোটি কোটি টাকা লাভের টোপ দিয়ে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খোলা হয়েছিল। সরল বিশ্বাসে সেই ফাঁদে পা দিয়ে বসেন অভিযাগকারী। তিনি ওই গ্রুপের মাধ্যমে ১ কোটি ৩৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু বিনিয়োগের পর তিনি আর সেই টাকা তুলতে পারছিলেন না। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই লালবাজার সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। মামলার তদন্তে নেমে লালবাজারের আধিকারিকরা দেখেন, এই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার টাকা ঢুকেছে। গোয়েন্দাদের বিশ্বাস, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিনিয়োগ প্রতারণা চক্রের মূলচক্রী সহ বাকি সদস্যদের সন্ধান মিলবে। এদিকে, ধৃতকে শুক্রবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে, আদালত ৮ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।