নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে সময় কম। তাই এসআইআরের মাঝেই নির্বাচনি প্রস্তুতি চূড়ান্ত করে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের প্রথম পর্যায়ের চেকিংয়ের কাজ শেষ হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ইভিএম প্রদর্শনের কাজও চলছে জোরকদমে। এবার কমিশন গণনা কেন্দ্র চূড়ান্ত করার কাজও শেষ করে আনতে চলেছে বলে খবর।
যে গতিতে এসআইআর প্রক্রিয়া এগচ্ছে, তাতে ঠিক কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না কমিশন কর্তা। তবে সময় যে ক্রমশ কমে আসছে, তা স্পষ্ট। সেই কারণে ভোট প্রস্তুতির পর্ব পুরোপুরি শেষ করতে নির্দেশ দিয়েছে কমিশন। সূত্রের খবর, রাজ্যে এখনও পর্যন্ত ১৫০টি গণনা কেন্দ্র চূড়ান্ত করতে পেরেছে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকদের দপ্তর। বুধবার এই তালিকাই পাঠানো হবে নির্বাচন কমিশনে। সেখানে ওই তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়লেই গণনা কেন্দ্রগুলিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। শুধুমাত্র গণনা কেন্দ্র ঠিক করাই নয়, কোন গণনা কেন্দ্রে কত রাউন্ড গণনা হবে, তার তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে বলে খবর। সমস্তটাই পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে।
নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেই রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা ঘুরে যাবার পরই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দেবে কমিশন। তার আগে সব কাজ সেরে ফেলা হবে। শহরাঞ্চলের আবাসনে বুথ তৈরির সিদ্ধান্তের পর রাজ্যে বর্ধিত বুথ সংখ্যায় কমিশনের সিলমোহরের অপেক্ষায় রয়েছে সিইও দপ্তর। কমিশন ছাড়পত্র দিলেই চিহ্নিত বুথগুলিতে পরিকাঠামো যাচাইয়ের কাজ শুরু হবে। তার আগেই গণনা কেন্দ্রের সংখ্যা স্থির করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কমিশনে।