Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চিন্তা করবেন না, আমি আসতেছি, আওয়ামি কর্মীদের আশ্বাস হাসিনার

‘সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে’। মহম্মদ ইউনুসের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিন্তা করবেন না, আমি আসতেছি, আওয়ামি কর্মীদের আশ্বাস হাসিনার
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে’। মহম্মদ ইউনুসের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের আশ্বাসবাণীও দিয়েছেন হাসিনা। স্পষ্ট জানিয়েছেন, ‘চিন্তা করবেন না। আসতেছি আমি। আল্লা নিশ্চয় আমাকে কিছু কারণেই এখনও বাঁচিয়ে রেখেছেন।’ ভারতে আশ্রয় নেওয়ার পর আওয়ামি লিগের সোশ্যাল মিডিয়া পেজের সাহায্যে দলের কর্মীদের বার্তা দিয়ে থাকেন হাসিনা। সোমবার রাতেও এমনই এক অনুষ্ঠানে দলের নেতাদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই অনুষ্ঠানে তিনি ইউনুসকে ‘সুদখোর’ ও ‘মানবতাবিরোধী’ বলে একাধিকবার আক্রমণ করেন। হাসিনাকে বলতে শোনা গিয়েছে, ‘এমন দিন নিশ্চয়ই আসবে, যেদিন আওয়ামি কর্মীদের উপর আক্রমণকারীদের বিচার হবে। ইউনুসের উদ্দেশে হাসিনাকে বলতে শোনা যায়, ‘উনি মোটা সুদে অল্প টাকা ঋণ দেন। আর সেই সুদের টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেন। আমরা প্রথমে ওঁর দ্বিচারিতা বুঝতে পারিনি। তাই অনেক সাহায্য করেছিলাম। কিন্তু মানুষের কোনও লাভ হয়নি। ওঁর ক্ষমতার লোভে বাংলাদেশ আজ জ্বলছে।’

Advertisement

হাসিনা অভিযোগ করেন, যে বাংলাদেশকে আগে উন্নয়নের মডেল হিসেবে ধরা হতো, সেই দেশই এখন ‘জঙ্গিরাষ্ট্র’-র তকমা পাচ্ছে। আওয়ামি লিগের নেতা ও কর্মীদের যেভাবে খুন করা হচ্ছে তা বর্ণনা করা যায় না। পুলিস, আইনজীবী, সাংবাদিক, শিল্পীদের টার্গেট করা হচ্ছে। তাঁর দাবি, সংবাদমাধ্যমের মুখ বন্ধ করে রাখতে বাধ্য করা হচ্ছে। ধর্ষণ, খুন, ডাকাতি-কোনও কিছুর অভিযোগ দায়ের করতে দেওয়া হচ্ছে না। যদি কোনও চ্যানেল বা সংবাদপত্র এসব নিয়ে খবর প্রকাশ করে, তাহলে তাদেরও টার্গেট করা হচ্ছে। ওই অনুষ্ঠানে খুন হওয়া আওয়ামি লিগ কর্মী ও নেতাদের পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতার কথা শোনান। সে সব শুনে হাসিনা বলেন, ‘এরা মানুষ নয়, এদের বিচারের মুখোমুখি হতেই হবে। আল্লা এসব মেনে নেবেন না।’ 
ভারতে বসে হাসিনার এভাবে সমাজ মাধ্যমে মুখ খোলার বিষয়টিকে মোটেই ভালো ভাবে নিচ্ছে না ইউনুস সরকার। এর আগে একাধিকবার এই নিয়ে আপত্তি তুলেছেন সরকারের উপদেষ্টারা। হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। সম্প্রতি বাংলাদেশ সরকার দাবি করে, বিমস্টেক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনুসের মধ্যে বৈঠকেও হাসিনার এভাবে মুখ খোলার প্রসঙ্গ তোলা হয়েছিল। হাসিনা যাতে মুখ বন্ধ রাখেন, তার জন্য ইউনুস মোদিকে অনুরোধ করে বলেও দাবি বাংলাদেশের। যদিও সব আপত্তি উড়িয়ে ফের আক্রমণ শানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ