Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১২ দিনের মধ্যেই আবার গুলি-খুন

১২ দিনের মধ্যেই আবার গুলি-খুন
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: একের পর এক শ্যুটআউট। আতঙ্কগ্রস্ত মালদহের ব্যবসায়ী ও রাজনৈতিক মহল। শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের অভিযোগ, ১২ দিনের মধ্যে যেভাবে শাসকদলের দুই নেতা প্রকাশ্যে খুন হলেন, তা অকল্পনীয়। মালদহের ব্যবসায়ীদের দাবি, তাঁরা এবার নিরাপত্তার অভাব বোধ করছেন। পুলিসকে আরও বেশি নজরদারি চালাতে হবে। 
Advertisement
দুই একদিনের মধ্যেই জেলা পুলিস ও প্রশাসনের সঙ্গে দেখা করে নিরাপত্তার দাবি জানাবেন বলে ঠিক করেছেন ব্যবসায়ীরা। যে কোনওদিন ব্যবসায়ীদের উপরেও আক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। কারণ অতীতে মালদহে বেশকিছু লুটপাটের ঘটনাও ঘটেছে। মালদহ পুলিসের এক কর্তা জানান, আতঙ্কের কিছু নেই। তা সত্ত্বেও মালদহ জুড়ে পুলিসের কড়া নজরদারি রয়েছে।
নতুন বছরের দ্বিতীয় দিন সকালে খুন হন মালদহের জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকার। নিজের বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তাঁর। বাবলা  খুনের পর আতঙ্কের রেশ এখনও কাটেনি। ওই ঘটনার পর থেকে ইতিমধ্যে ইংলিশবাজার সহ মালদহ জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইংলিশবাজার শহরের বহু রাতের আড্ডার ঠেক বন্ধ হয়ে গিয়েছে। এই আবহের মধ্যে ফের একটি শ্যুট আউটের ঘটনায় আতঙ্কগ্রস্ত  ব্যবসায়ীরা। 
মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, ১২ দিনের মধ্যে আরেকটি নৃশংস হত্যার ঘটনায় মালদহের ব্যবসায়ী মহল আতঙ্কগ্রস্ত। মালদহে বহু বড় বড় মার্কেট, সোনার দোকান, মল রয়েছে। সবাই দুশ্চিন্তার মধ্যে আছেন। পুলিস ও প্রশাসনকে নিরাপত্তা  আরও জোরদার করতে হবে। নাকা চেকিং বাড়াতে হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জায়গায় জায়গায় পুলিস ভ্যান ও পিকেটিংয়ের ব্যবস্থা করতে হবে।
মালদহ জেলার স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকারের কথায়, ২ জানুয়ারির ঘটনার পর থেকে আমরা উদ্বিগ্ন ছিলাম। বহু ব্যবসায়ী নিরাপত্তা দাবি এবং ব্যক্তিগত বন্দুকের লাইসেন্সের আবেদনের জন্য আলোচনা করছিলেন। সেই আবহের মধ্যেই আরেকটি হাড়হিম করা ঘটনায় আমরা শঙ্কিত। 
অতীতে মালদহের সোনার দোকানে লুট ও ডাকাতির ঘটনা ঘটে। সার্বিকভাবে ব্যবসায়ীদের বক্তব্য, যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, পুলিসের গোয়েন্দা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে হবে। ওয়াকিবহাল মহলের যুক্তি গোয়েন্দাদের কাছে আগাম খবর না থাকায় একের পর এক শ্যুটআউটের ঘটনা ঘটছে। এভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে থাকলে মালদহের ব্যবসা মুখ থুবড়ে পড়বে।
সম্পর্কিত সংবাদ