সংবাদদাতা বোলপুর: ‘৯০ দিনের আগেই ফলাফল প্রকাশ করা হবে।’ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মঙ্গলবার বীরভূম ঘুরে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। অঙ্ক ও ইতিহাসে প্রশ্নপত্র কঠিন হয়েছে— এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন প্রশ্নপত্রের মান ঠিকঠাক। একটা জেলা থেকে একজন করে পরীক্ষার্থীর খাতা ছেঁড়ার ঘটনা আমাদের সামনে এসেছে। তবে, এগুলি বিচ্ছিন্ন ঘটনা। সামগ্রিকভাবে কঠিন প্রশ্ন হওয়ার কোনও রিপোর্ট আমার কাছে নেই। এরপর সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘সারা রাজ্যেই মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে হচ্ছে। এই প্রথমবার মাধ্যমিক পরীক্ষার সময় বীরভূম পরিদর্শন করলাম। বোলপুরের বাইরে সিউড়ি সহ প্রত্যন্ত বেশ কিছু স্কুল ঘুরে দেখেছি। স্কুল ও প্রশাসনের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। অ্যাডমিট বিতর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নিয়ে একটা কুৎসা রটানোর চেষ্টা চালানো হচ্ছে। কোচবিহারের একটি ঘটনা সামনে এসেছে। তাছাড়া, রাজ্যে সার্বিকভাবে মাত্র নয় হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি। বাকি ৩৭ হাজার সফলভাবে পরীক্ষায় বসেছে। মাধ্যমিকে অ্যাডমিট পাওয়া নিয়ে অনেকেই কুৎসা রটানোর চেষ্টা করছেন। তবে সচেতন অভিভাবকরা তা রুখে দিয়েছেন। মাধ্যমিক পরীক্ষা শুরুর পর থেকে তিনি রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করছেন। পরিদর্শনের পর জেলার স্কুলগুলির পরীক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।



