নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দশ দিন পরও খোঁজ মিলল না হালিশহরের রামপ্রসাদ বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থীর। সিসিটিভির ফুটেজে তাকে নৈহাটি স্টেশনে দেখা গিয়েছে। তদন্তকারী অফিসারদের অনুমান, ট্রেনে চেপে সে অন্য কোনও রাজ্যে চলে গিয়েছে। বারাকপুর পুলিস কমিশনারেটের দুটি টিম বিভিন্ন জায়গায় হানা দিলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি। ফলে গভীর দুশ্চিন্তা, উদ্বেগের মধ্যে দিন কাটছে ছাত্রের পরিবারের। যদিও পুলিস তৎপরতার সঙ্গে ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে। বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, সবদিক আমরা খতিয়ে দেখছি। সম্ভাব্য সব জায়গায় জোরদার তল্লাশি চলছে। আশা করছি, আমরা ওকে খুঁজে বের করব। বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ জোগাড় করেছি।



