নয়াদিল্লি: রোহিত শর্মার অবসর নিয়ে সাম্প্রতিক জল্পনায় রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস উপহার দেন হিটম্যান। ৯ মাসের ব্যবধানে কাপ্টেন রোহিতের এটা দ্বিতীয় ট্রফি। গত জুনে বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। কিউয়িদের হারানোর পর ট্রফি নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে ৩৭ বছর বয়সি রোহিত উড়িয়ে দেন অবসর নিয়ে যাবতীয় জল্পনা। তবে ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলবেন কিনা তা বলেননি তিনি।
এই প্রসঙ্গেই সংবাদ সংস্থাকে বেঙ্গসরকর বলেন, ‘আমি জ্যোতিষী নই। পরের ওডিআই বিশ্বকাপ এখনও ঢের দেরি। তখন রোহিতের ফর্ম ও ফিটনেস কেমন থাকবে সেটাও গুরুত্বপূর্ণ। এত আগে সেসব নিয়ে কিছু বলা সম্ভব নয়। তবে এটাতে কোনও সংশয় নেই যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলোয়াড় ও ক্যাপ্টেন হিসেবে অসাধারণ ছিল ও। জানি না, কেন মানুষ রোহিতের অবসর নিয়ে এত গবেষণা করছে। এটা একেবারেই কাম্য নয়। ওর মতো উচ্চতার খেলোয়াড়রা নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেরাই নেয়।’ দুবাইয়ে পাওয়ার প্লে চলাকালীন আক্রমণাত্মক ব্যাটিং করেছেন রোহিত। এতে অন্যদের উপর চাপ কমেছে। বেঙ্গসরকরের মতে, ‘ও যেভাবে খেলছে তা উদাহরণ হয়ে উঠছে। একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি আছে ওর। কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বিরাট কোহলি এবং রোহিত হল বড় ম্যাচের খেলোয়াড়। মঞ্চ যত বড় হবে ওদের পারফরম্যান্সে তত উন্নতি ঘটবে। ওদের উপস্থিতিই বিপক্ষের মনোবল চুরমার করার জন্য যথেষ্ট।’
এই সুরেই গলা মিলিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। আইসিসি রিভিউতে তিনি বলেছেন, ‘কেরিয়ারের এই পর্যায়ে পৌঁছলে সবাই অপেক্ষা করতে থাকে অবসরের। এর কারণ যদিও জানি না। কেউ যদি ফাইনালে এমন ইনিংস খেলার ক্ষমতা ধরে তবে তার খেলা চালিয়ে যাওয়াই উচিত। আর রোহিত নিশ্চিতভাবেই ২০২৭ ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে এগচ্ছে।’ রোহিতের ক্যাবিনেটে অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। একটা ট্রফিই শুধু নেই। তা হল পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। পন্টিং সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন, ‘শেষ ওডিআই বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ফাইনালে হেরেছে ভারত। ওর মাথায় নিশ্চয়ই এখনও তা ঘুরছে। আর একবার বিশ্বকাপ জেতার সুযোগ ওর প্রাপ্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে যেভাবে খেলেছে, তাতে ওকে থামতে বলার কোনও যুক্তি নেই।’