দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলে নাটক ‘দ্বিঘাত’। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বাদল সরকারের ‘সুটকেস’ থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটি লিখেছেন অমিত সরকার। পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। সদ্য রাসবিহারী সৃষ্টি নাট্যদলের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়। গল্প অনুযায়ী, স্থানীয় কাউন্সিলর শান্তনু বৈরাগীর বাড়িতে একটা বড় ব্যাগ নিয়ে হাজির হয়েছে দীপ। ব্যাগে কী রয়েছে জানে না শান্তনুর স্ত্রী শান্তা। ব্যাগটা একজন প্রোমোটার পাঠিয়েছে এবং ব্যাগবাহক জানায় ব্যাগে কী রয়েছে, তা শান্তনু জানে। এই নিয়ে শুরু গণ্ডগোল। শান্তা যখন জানতে পারে এই ব্যাগের মধ্যে বিপুল পরিমাণ অর্থ আছে তখন তীব্র বিরোধিতা করে। সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে চলে যাবে। এই ঘটনার মধ্য দিয়ে বহু প্রশ্ন দর্শকদের উদ্দেশে ছুড়ে দেন নাটকের দুই সূত্রধর রত্নাবলী ও শম্পা চৌধুরী। শঙ্কর মিত্র (শান্তনু), সুচন্দ্রিমা ঘোষ (শান্তা), অরিত্র সরকার (দীপ)-এর অভিনয় প্রশংসনীয়। বাবলু সরকারের আলো, আবহ প্রক্ষেপণে কল্যাণ সরকারকে সাধুবাদ। মঞ্চ নির্মাণ করেছেন বাপি দত্ত। এছাড়াও এদিন মঞ্চস্থ হল শ্রুতি নাটক ‘বিম্ববতী’। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। নাট্যরূপ দিয়েছেন কাজল সুর। সৃজনে সুস্মিতা চন্দ, শম্পা চৌধুরী, দেবযানী ঘোষ, শ্রাবণী দাস, শুভাঙ্গী রায় ও রত্নাবলী।



