Bartaman Logo
৯ জুন, ২০২৬

অধ্যাপককে আমেরিকায় বক্তৃতার ছাড়পত্র দিল না দিল্লি বিশ্ববিদ্যালয়

আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানে কী নিয়ে বক্তৃতা দেবেন, তা না জানালে সফরের ছাড়পত্র দেওয়া হবে না। অপূর্বানন্দ ঝা নামে হিন্দি বিভাগের এক অধ্যাপকের উপর এমনই ‘ফরমান’ জারি করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অধ্যাপককে আমেরিকায় বক্তৃতার ছাড়পত্র দিল না দিল্লি বিশ্ববিদ্যালয়
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানে কী নিয়ে বক্তৃতা দেবেন, তা না জানালে সফরের ছাড়পত্র দেওয়া হবে না। অপূর্বানন্দ ঝা নামে হিন্দি বিভাগের এক অধ্যাপকের উপর এমনই ‘ফরমান’ জারি করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হতেই বিতর্কের ঝড় উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপকের বক্তৃতা ‘সেন্সর’ করার চেষ্টা করছে বলে অভিযোগ। ওই অধ্যাপকের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের ‘স্বশাসিত’ মর্যাদার পরিপন্থী বলেও দাবি করেছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় যে, দিন কয়েক আগেই অধ্যাপক ঝা বিতর্কিত ‘কমেডিয়ান’ কুণাল কামরার এক পডকাস্টে অংশ নিয়েছিলেন। তাঁদের আলোচনার বিষয় ছিল, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্বাধীনতার অভাব। ওই পডকাস্ট প্রচারিত হওয়ার পরেই অধ্যাপকের আমেরিকা যাত্রার উপর বিধিনিষেধ আরোপ করা হল। যদিও এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

নিউ ইয়র্কে অবস্থিত দি নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ের ২০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৩ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে ‘দি ইউনিভার্সিটি আন্ডার এ গ্লোবাল অথোরিটারিয়ান টার্ন’ শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হবে। ওই সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য অপূর্বানন্দকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তারপরেই বিপত্তি। অধ্যাপকের বক্তব্য, ‘আমি রেজিস্ট্রারের অফিস থেকে একটি ই-মেল পাই। তাতে বলা হয়, আমি সেমিনারে কী বলব তা লিখিত আকারে জমা দিতে হবে। তবেই আমাকে ছাড়পত্র দেওয়া হবে। এটা অত্যন্ত উদ্বেগজনক। আমরা ইচ্ছাকৃতভাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত মর্যাদা নষ্ট করছি। এরকম আগে কোনওদিন ঘটেনি।’ 
অপূর্বানন্দ আরও জানিয়েছেন, তিনি ৩৫ দিনেরও বেশি আগে বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালে ছুটির আবেদন করেছিলেন। কিন্তু ২ এপ্রিল তাঁকে বলা হয়, ছুটির আবেদন মঞ্জুর করা হচ্ছে না। এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলেও অধ্যাপককে জানানো হয়। ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিংকেও চিঠি দিয়েছেন অপূর্বানন্দ। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ঘটনার তীব্র নিন্দা করেছে শিক্ষকদের সংগঠন ডেমোক্রেটিক টিচার্স ফ্রন্ট (ডিটিএফ)। তাঁরা জানিয়েছে, এই পদক্ষেপ ‘স্বৈরতান্ত্রিক’ ও ‘শিক্ষার স্বাধীনতার উপর আঘাত’।

সম্পর্কিত সংবাদ