নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের আরও একটি ঘটনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে বিজেপি-শাসিত দিল্লিতে। রবিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, এক শিশুর কপাল ও কানে গভীর আঘাতের চিহ্ন। এমনকী ওই শিশুর মায়ের উপরও আক্রমণ হয়েছে, তার চিহ্নও ওই ভিডিওতে রয়েছে। এই নির্মমতার উল্লেখসহ মমতা লিখেছেন, ‘সাংঘাতিক সন্ত্রাস! দিল্লি পুলিস মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মাকে কি নিষ্ঠুরভাবে মেরেছে!! বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা-সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই!! দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?’
এর আগে অসম, মুম্বই, ওড়িশা, গুজরাত, দিল্লি, হরিয়ানা প্রভৃতি জায়গার কয়েকটি ঘটনা সামনে এনেছিলেন বাংলার জননেত্রী। বাংলা ভাষায় কথা বলার অপরাধে অত্যাচার হচ্ছে বলে প্রতিবাদে সরব হয়েছেন ‘অগ্নিকন্যা’। এদিকে, দেশ বাঁচাও গণমঞ্চ রবিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা তুলে ধরে। মতুয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষের উপর অত্যাচারের কাহিনি তুলে ধরা হয় এদিন। এসব কিছু বিজেপির ভোটের রাজনীতি বলে অভিযোগ করা হয়েছে। হেনস্তা সংক্রান্ত ঘটনাগুলির মর্মান্তিক বিবরণ দিয়েছেন নিশিকান্ত বিশ্বাস, স্বপন সরকার, পরিমল মণ্ডলরা। অন্যদিকে, তৃণমূলের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের তরফে বাংলার মনীষীদের ছবি সংবলিত একটি লোগো প্রচার করা হচ্ছে। তাতে লেখা, ‘ভাড়াটে তুই, আমরা মালিক, রক্ত অনেক ঢালা। বাংলা ভাষায় আপত্তি যার, ভারত ছেড়ে পালা!’