Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিউআর কোড দিয়ে দীপ্সিতার নতুন প্রচার ‘ডিডিকে বলো’! ‘অনুকরণ করা ভালো’, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

দিন কয়েক আগেই উত্তরপাড়ায় সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় প্রচারে বেরিয়ে ফোন নম্বর বিলি করেছিলেন। সেখানে ফোন করে স্থানীয়রা তাঁদের সমস্যার কথা জানাতে পারেন।

কিউআর কোড দিয়ে দীপ্সিতার  নতুন প্রচার ‘ডিডিকে বলো’! ‘অনুকরণ করা ভালো’, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিন কয়েক আগেই উত্তরপাড়ায় সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় প্রচারে বেরিয়ে ফোন নম্বর বিলি করেছিলেন। সেখানে ফোন করে স্থানীয়রা তাঁদের সমস্যার কথা জানাতে পারেন। এবার সেই পথেই হাঁটলেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। তিনি একটি কিউআর কোড দিয়েছেন। সেটি স্ক্যান করলে খুলে যাবে হোয়াটসঅ্যাপ। সেখানেই সাধারণ মানুষ তাঁদের কথা জানাতে পারবেন প্রার্থীকে। বিরোধীরা এই ফোন নম্বর বিলির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘দিদিকে বলো’র ছায়া খুঁজে পাচ্ছেন। দীপ্সিতা তাঁর প্রচারের নাম দিয়েছেন ‘ডিডিকে বলো’। ডিডি অর্থাত্ ইংরাজিতে দীপ্সিতার নাম ও পদবির আদ্যক্ষর। এই অবস্থায় প্রশ্ন উঠছে, নতুন জায়গায় প্রার্থী বলেই কি এলাকা চিনে নেওয়ার পন্থা এটা?

Advertisement

প্রচারে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই অনুসরণ করতে হল? দীপ্সিতা বলছেন, ‘দিদিকে বলে লাভ হয়নি। তাই ‘ডিডি’কে বলতে হচ্ছে।’ স্থানীয়রা কি ফোন করতে শুরু করে দিয়েছেন? দীপ্সিতার কথায়, ‘বহু মানুষ তাঁদের বক্তব্য জানাচ্ছেন। তার মধ্যে যেমন পুকুর বোজানোর কথা রয়েছে, তেমনই ইনকাম ট্যাক্স বিল নিয়ে আমাদের কথা জানতে চাওয়া হয়েছে।’ এটা কি এলাকা চিনে নেওয়ার পন্থা? দমদম উত্তরের সিপিএম প্রার্থী বলছেন, ‘কথা শোনা, শুনতে চাওয়া, গণতন্ত্রের প্রাথমিক পাঠ। তা নিয়ে এত জল্পনার প্রয়োজন নেই।’ দীপ্সিতা কিন্তু ইতিমধ্যেই উত্তর দমদমে প্রচারে ঝড় তুলেছেন। তাঁর প্রতিপক্ষ হিসাবে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই কেন্দ্রে ২০১৬ সালেও সিপিএম জয়লাভ করেছিল। সেবার প্রার্থী হয়েছিলেন তন্ময় ভট্টাচার্য। কখনও বাড়ি বাড়ি যাচ্ছেন দীপ্সিতা, কখনও ছোটো ছোটো মিছিল করছেন। এলাকার এক ঝাঁক ছাত্র-যুব থেকে পুরানো কর্মী-সমর্থকরা সর্বক্ষণ রয়েছেন তাঁর সঙ্গে। এবার তিনি চিরাচরিত প্রচারের ধাঁচা থেকে একটু বেরিয়ে এলেন। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি প্রার্থীর সঙ্গে যোগাযাগ স্থাপনের রাস্তা খুলে দিলেন। 
কিন্তু এসব দেখে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। উত্তর দমদম শহর তৃণমূলের সাধারণ সম্পাদক বিন্দুমাধব দাস বলেন, ‘ভালো জিনিস অনুকরণ করা ভালো। শুভেচ্ছা রইল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ