Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ সুপ্রিম কোর্টে ফের ডিএ-শুনানির সম্ভাবনা!

কয়েকদিন বিরতির পর আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি হওয়ার কথা। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার ৯ নম্বর বেঞ্চে শুনানির তালিকায় ৪ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে মামলাটি।

আজ সুপ্রিম কোর্টে ফের ডিএ-শুনানির সম্ভাবনা!
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন বিরতির পর আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি হওয়ার কথা। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার ৯ নম্বর বেঞ্চে শুনানির তালিকায় ৪ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে মামলাটি। আগস্ট মাসেই সুপ্রিম কোর্টে সঞ্জয় কারোল ও প্রশান্ত মিশ্রর বেঞ্চে টানা কয়েকদিন ডিএ মামলার শুনানি হয়েছিল।  মামলার মূল আবেদনকারী ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ সহ আরও কয়েকটি কর্মী সংগঠনের আইনজীবী ও রাজ্য সরকারের আইনজীবীরা বক্তব্য পেশ করেন। গত ১২ আগস্ট রাজ্য সরকারের পক্ষে ফের বক্তব্য পেশ করার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে ওই দিন উপস্থিত থাকতে পারেননি। বিচারপতিরা তখন ২৬ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন ও  সেদিনের তালিকায় মামলাটি উপরের দিকে রাখার নির্দেশ দেন। এবারের শুনানিতে বেঞ্চের দ্বিতীয় বিচারপতির পরিবর্তন হয়েছে। তবে বিচারপতি সন্দীপ মেহতা আগেও বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে ডিএ মামলা শুনেছিলেন। মে মাসে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এই মামলায় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেখানে বিচারপতি সন্দীপ মেহতা ছিলেন। এই নির্দেশের প্রেক্ষিতে কয়েকটি আদালত অবমাননার মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে। সেগুলিও এই বেঞ্চে শুনানি হতে পারে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিএ মামলার শুনানি পর্ব ‌একেবারে শেষ পর্যায়ে আছে বলে আশা করছেন তাঁরা। -পিটিআই

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ