নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। এর আগে মোট ১৫ বার সুপ্রিম কোর্টে শুনানির জন্য মামলাটি দু’জন বিচারপতির বেঞ্চে উঠেছে। সুপ্রিম কোর্ট থেকে যে ‘কজ লিস্ট’ প্রকাশ করা হয়েছে, তাতে ওই দিন ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য ধার্য হয়েছে। সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বেঞ্চে ডিএ মামলার শেষবার শুনানি হয়েছিল গত ২৫ মার্চ। ওই দুই বিচারপতির মধ্যে একজন ছিলেন সঞ্জয় কারোল। ওই দিন বিস্তারিত শুনানি না হলেও বিচারপতি কারোল পরবর্তী শুনানির জন্য ২২ এপ্রিল নির্দিষ্ট করেন। মামলাটি যাতে ওই দিন তালিকার উপরের দিকে থাকে, সেরকম নির্দেশও দেওয়া হয়েছিল বলে আদালতে উপস্থিত মামলাকারী সরকারি কর্মী সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন।



