নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোন কোন ভোটার বিজেপির দিকে ঘুরে গিয়েছিলেন? এবার তাঁদের কাছে পেতে মরিয়া সিপিএম। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একটি সমীক্ষা করা হয়েছে পার্টির তরফে, খবর এমনটাই। যাঁরা সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, এই মুহূর্তে বিভিন্ন ইস্যুতে তাঁরা কী মনে করছেন, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। সেইসব তথ্য স্থানীয় নেতাদের হাতে তুলে দিয়েছে আলিমুদ্দিন। দক্ষিণ ২৪ পরগনা জেলার এক নেতার বক্তব্য, ‘সমীক্ষা ভালোই হয়েছে। আমাদের লাভ হবে। বিভিন্ন রকমের তথ্য তুলে ধরা হয়েছে।’
যাদবপুরের এক সিপিএম নেতার কথায়, ‘কোন বুথে কোন ভোটাররা আমাদের দিক থেকে মুখ ফিরিয়েছিলেন, তাঁদের কাছেই পৌঁছাতে হবে। যাঁরা এখনো মিছিলে আসছেন, আমাদের দরদি, সেই সমস্ত বাড়িতে আপাতত আমরা যাচ্ছি না। মূলত, সেইসব বাড়িতেই যাওয়া হচ্ছে যাঁরা বিগত কয়েকটা ভোটে আমাদের ভোট দিচ্ছেন না।’ আবার একাংশের পার্ট কর্মীরা বলছেন, সমীক্ষা আরো একটু আগে করলে ভালো হতো। সোনারপুরের এক নেতার কথায়, ‘সমীক্ষায় উঠে এল সোনারপুর উত্তরে ৩০ শতাংশের বেশি তফসিলি জাতির ভোটার রয়েছেন। এগুলো জানা থাকলে সুবিধা হয়।’ গত শনিবারই দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাখা সম্পাদকদের নিয়ে সভায় বক্তব্য রেখেছেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ীরা। তাঁদের কথাতেও উঠে এসেছে, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বৃদ্ধির কথা। অন্যদিকে, ইতিমধ্যেই উত্তরপাড়ায় কয়েকদিন ধরে জনসংযোগ করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।