নিজস্ব প্রতিনিধি কলকাতা: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানির মধ্যেই পর্যবেক্ষণ হাইকোর্টের। মঙ্গলবার এই মামলায় দীর্ঘ সওয়াল করতে দেখা যায় প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে। চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে যেহেতু চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে, স্বাভাবিকভাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই রায় নিয়ে প্রশ্ন তুলছিলেন আইনজীবীরা। কিন্তু তাঁদের উদ্দেশেই বিচারপতি তপোব্রত চক্রবর্তীর প্রশ্ন, যদি একজন বিচারপতি দেখেন যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে—সেক্ষেত্রে একজন বিচারপতি কী করবেন? তিনি চোখ বন্ধ করে থাকবেন? পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।



