নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৭ মে’র মধ্যে রাজ্যে বিধানসভা ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তাই ভোটের কথা মাথায় রেখে রাজ্যে পুলিশকর্মীদের বদলি প্রক্রিয়া সেরে ফেলার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ মিনাকে পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছরের ৩১মে তারিখকে ভিত্তি ধরে একই জেলায় ৩ বছর কর্মরত রয়েছেন, ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এমন পুলিশ অফিসারদের দ্রুত অন্যত্র বদলি করতে হবে। নবান্নের এক সূত্র জানাচ্ছে, এসআই পদমর্যাদার অফিসার থেকে শুরু করে পুলিশকর্মীদের কোনও অবস্থাতে নিজের জেলায় পোস্টিং দেওয়া যাবে না। পাশাপাশি, এই বদলির জন্য ২০২৩ সালের ২১ ডিসেম্বর কমিশনের নির্দেশিকাকে গাইডলাইন হিসেবে মান্য করতে বলা হয়েছে। নির্দেশ কার্যকর করে কমিশনকে রিপোর্ট দিতেও বলা হয়েছে।



