নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি শীতের মরশুমে রবিবার ছিল কলকাতায় মরশুমের শীতলতম দিন। এদিন ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। কিছুদিন আগে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি হয়েছিল। শনিবারের তুলনায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কম ছিল। তবে এদিন কলকাতা ও লাগোয়া এলাকার সর্বনিম্ন তাপমাত্রা যতটা কমেছে, রাজ্যের পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তা হয়নি। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শনিবার দুপুরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল কুয়াশা ও মেঘলা পরিবেশের জন্য। এই কারণেই রবিবার ভোরে তাপমাত্রার পারদ অনেকটা নিম্নগামী হয়েছে। রবিবার সকালের দিকেও কলকাতা ও লাগোয়া এলাকায় মেঘলা আকাশ ছিল। বেলা বাড়ার পর আকাশ পরিষ্কার হয়। রোদ ওঠে। যদিও রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (২০.৯ ডিগ্রি) শনিবারের মতোই স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি মতো কম ছিল। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, আজ, সোমবারও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশেই থাকবে।
বাংলাদেশের দিক থেকে উত্তর-পূর্বমুখী হাওয়া ঢোকার কারণেই শনিবার হঠাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভোরে কুয়াশা ও আকাশ মেঘলা হয়ে যায়। এর কারণ ওই বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি রয়েছে। রবিবার এই হাওয়া অব্যাহত ছিল। আজ থেকে এই বায়ুপ্রবাহ কমবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। ফলে আকাশ আরও পরিষ্কার হবে। উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে ঢুকছে শুষ্ক ও শীতল হাওয়া। ফলে দক্ষিণবঙ্গজুড়ে শীত টের পাওয়া যাবে ভালোই।
রবিবার দক্ষিণবঙ্গে শীতলতম জায়গা ছিল বীরভূমের শ্রীনিকেতন (১০.৭ ডিগ্রি)। পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এসব এলাকায় শনিবারের সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ না কমায় রবিবারের সর্বনিম্ন তাপমাত্রাও মোটামুটি একই ছিল। কলকাতা ও লাগোয়া এলাকা ছাড়াও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি আশপাশে ছিল।
আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। ২৫ ডিসেম্বর পর্যন্ত কলকাতা ও লাগোয়া এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। ২৬ ডিসেম্বর নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৩ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। পশ্চিমি ঝঞ্ঝা কেটে যাওয়ায় ওই সময় উত্তুরে হাওয়ার সক্রিয়তা ও শীতলতা বাড়বে। তখন পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে আসতে পারে। তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ বা লাগোয়া বিহার, ঝাড়খণ্ডের জন্য শৈত্যপ্রবাহের কোনও সতর্কবার্তা দেয়নি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।