বুয়েনস আইরেস: লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করছে আর্জেন্তিনা। মঙ্গলবার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে পর্যুদস্ত করেন জুলিয়ান আলভারেজ-রডরিগো ডে পলরা। তাও আবার দলের মহাতারকা লায়োনেল মেসিকে ছাড়াই। মার্কিন মুলুকে আয়োজিত হতে চলা বিশ্বকাপের এখনও এক বছর বাকি। তবে টুর্নামেন্টের ছাড়পত্র পাওয়ার পরই খেতাব ধরে রাখার পরিকল্পনা শুরু করে দিলেন কোচ লায়োনেল স্কালোনি। আর সবার আগেই তাঁর সামনে বড় প্রশ্ন, আদৌ কি ২০২৬ বিশ্বকাপে দেশের জার্সিতে মাঠে নামবেন লিও মেসি? কারণ চোটের কারণে গত কয়েক মাস বেশ ভুগতে হচ্ছে বাঁ-পায়ের জাদুকরকে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ থেকেও সরে দাঁড়ান তিনি। কোচ স্কালোনি অবশ্য এখনই মেসিকে পাওয়ার আশা ছাড়ছেন না। বরং পরবর্তী বিশ্বকাপে লিও খেলবেন কিনা, তা তাঁর উপরই ছাড়তে চান আর্জেন্তাইন হেড কোচ। এই প্রসঙ্গে স্কালোনি জানান, ‘দেখা যাক, কী হয়। এখনও অনেক সময় বাকি রয়েছে। আপাতত আমাদের লক্ষ্য নির্দিষ্ট পরিকল্পনামাফিক এগিয়ে চলা। না হলে গোটা বছর ধরে একই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। বিশ্বকাপে খেলার ব্যাপারে সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে। তারপর দেখি না কী হয়। সে যখন চাইবে, তখনই সিদ্ধান্ত নেবে। এই নিয়ে তাকে পাগল করে দেওয়া উচিত নয়।’



