নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের জন্য দোল এবং হোলি উপলক্ষ্যে বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। যদিও এবছর প্রথমবার রীতি ভেঙে সরোবরের ভিতরে থাকা ক্লাবগুলিকে অনুষ্ঠান করতে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। এই সংক্রান্ত নির্দেশিকাও জারি হয়েছে। জনগণের জন্য আজ, শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে পরের দিন অর্থাৎ শনিবার(১৫ মার্চ) বিকেল পাঁচটা পর্যন্ত সরোবরের গেট বন্ধ থাকবে। শুধুমাত্র শর্তসাপেক্ষে ক্লাবের সদস্যরা এবং তাঁদের অতিথি কিংবা অনুষ্ঠানের সঙ্গে জড়িতরা প্রবেশের অনুমতি পাবেন।
বিভিন্ন ক্লাবকে যে নির্দেশিকা কেএমডিএ পাঠিয়েছে তাতে শর্তগুলি বলে দেওয়া হয়েছে। কী সেই শর্ত? বলা হয়েছে, শুধুমাত্র খোলা থাকবে সরোবরের ১২ নম্বর গেট। গাড়ি নিয়ে লেকের ভিতর ঢোকা যাবে না। ক্লাবগুলির সদস্য এবং তাঁদের অতিথিদের জন্য বিশেষ পাস ইস্যু করতে হবে। সেটি ছাড়া ঢোকা যাবে না। ক্লাব প্রাঙ্গণের বাইরে কেউ যেতে পারবেন না। ক্লাবের বাইরে সরোবরের অন্যত্র কোনওরকম পার্টি আয়োজন
করা যাবে না। ক্লাবের সীমানার বাইরে সরোবরের কোর এরিয়ায় কিংবা বাইরের চত্বরে কেউ ঘোরাফেরা করতে পারবেন না। ক্লাবঘর সংলগ্ন জলাশয়ে
নামা নিষেধ।
তবে কেএমডিএ’র এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। একাধিক পরিবেশপ্রেমী সংগঠন ও সরোবরে প্রাতঃভ্রমণে আসা অনেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাঁদের বক্তব্য, আমজনতা যখন সরোবরে ঢুকতে পারবে না তাহলে কেন ক্লাবগুলিকে এমন অনুমতি দেওয়া হল? এই প্রসঙ্গে কেএমডিএ’র এক আধিকারিক বলেন, লেকের ভিতর থাকা বেশ কয়েকটি ক্লাবের প্রবেশদ্বার সরোবরের বাইরে। ফলে সেখানে দোল বা হোলির সময় নানা অনুষ্ঠান আয়োজিত হয়। কিন্তু লেকের ভিতরের দিকে যে সব ক্লাব রয়েছে তারা অনুমতি পায় না। এই দু’রকম ব্যবস্থার জন্য ক্লাবগুলি মামলা করতে পারত। এতবছর কেউ কোনও আবেদন জানায়নি। এ বছর একটি ক্লাব আবেদন করে। তাই তাদের পাশাপাশি সব ক্লাবের জন্যই শর্তসাপেক্ষে সরোবরে প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে।