নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুশীলনে এলেও তাঁকে মাঠে নামতে দেওয়া হয়নি। ‘অবাধ্য’ ক্লেটন সিলভাকে শাস্তি স্বরূপ ছাঁটাইয়ের মঞ্চ তৈরি করে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে তারই মধ্যে নিজেই চুক্তি ভেঙে মরশুম শেষ হওয়ার আগেই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন ব্রাজিলিয়ান তারকা। কয়েক মিনিটের মধ্যেই ইস্ট বেঙ্গলে প্রাক্তন হয়ে গেলেন তিনি। ক্লাবের পক্ষ থেকে প্রেস রিলিজ করে জানিয়ে দেওয়া হয়, ‘পারস্পরিক বোঝাপড়ায় দল ছাড়লেন ক্লেটন সিলভা। ভবিষ্যতের জন্য রইল শুভেচ্ছা।’ ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘আমি আগেই বলেছিলাম, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। তাছাড়া চলতি মরশুমে চোটের কারণে ক্লেটনকে বারবার ভুগতে হচ্ছিল। ও চেষ্টা করছিল। তবে কোনওভাবেই নিজেকে ফিট করতে তুলতে পারছিল না। সেই পরিপ্রেক্ষিতে নিজেই দল ছাড়ার যে সিদ্ধান্তটা নিয়েছে, সেটা ভালো পদক্ষেপ। ঈশ্বর ওর মঙ্গল করুন।’
দলের পক্ষ থেকেই যতই পারস্পরিক বোঝাপড়ার কথা বলা হোক না কেন, মূলত কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে ঝামেলার মাশুল দিতে হল ক্লেটনকে। তবে আসন্ন সুপার কাপের আগে তাঁর জায়গায় আর নতুন কোনও বিদেশি সই করাবে না ইস্ট বেঙ্গল। ফলে পাঁচ বিদেশি নিয়েই কেরল ব্রাস্টার্সের বিরুদ্ধে দল সাজাবেন কোচ অস্কার। উল্লেখ্য, গতবার লাল-হলুদের সুপার কাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। ফাইনালে ওড়িশার বিরুদ্ধে তাঁর গোলেই চ্যাম্পিয়ন হয় দল। তবে চলতি মরশুমে ফর্মের ধারেকাছে ছিলেন না তিনি। আইএসএলে তাঁর নামের পাশে নেই কোনও গোল। ইস্ট বেঙ্গলের দায়িত্ব নেওয়ার পরই ক্লেটনের পরিবর্তে নতুন কোনও বিদেশি স্ট্রাইকার সই করতে চেয়েছিলেন অস্কার। তবে একের পর এক ফুটবলার চোট পাওয়ায় তাঁকে রাখতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।
এদিকে, শুক্রবার ক্লাবের মাঠে আই লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল মহিলা দল। ইতিমধ্যেই লিগ খেতাব ঘরে তুলেছে তারা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হবে। সেদিন মাঠে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে।