• পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য প্রতিষ্ঠিত ‘মধ্যমী’ সংস্থার আয়োজনে অজিতেশ মঞ্চে সম্প্রতি শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হল। পদ্মভূষণ উস্তাদ আব্দুল হালিম জাফর খান সাহেবকে উৎসর্গ করা হয় অনুষ্ঠানটি। শুভেন্দু বন্দ্যোপাধ্যায়ের হারমোনিয়াম বাদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তাঁকে তবলায় সঙ্গত করেন আর্চিক বন্দ্যোপাধ্যায়। আগ্রা ঘরানার শিল্পী অমৃতা সরখেল শোনান রাগ কেদার। বন্দিশের পাশাপাশি গুরু উস্তাদ ওয়াসিম আহমেদ খান রচিত তারানা গাইলেন শিল্পী। তাঁর পরিশীলিত কন্ঠ মাধুর্যে পরিবেশিত প্রতিটি বন্দিশই শ্রোতাদের মন ছুঁয়ে গেল। শিল্পীকে তবলায় সঙ্গত করেন অমিত চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায় এবং তানপুরায় ঈশিতা সরখেল। দীপশঙ্কর ভট্টাচার্যের সেতারে রাগ জয়ন্ত মল্লার পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। শিল্পীকে তবলায় যোগ্য সঙ্গত করেন সন্দীপ ঘোষ।



