Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দু’দেশকে সংযত থাকার বার্তা দিল চীন, আমেরিকা, রাশিয়া ও ব্রিটেন

পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিন্দুর ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের বুকে জঙ্গিদের ৯টি ঘাঁটিকে। ভারতের এই পদক্ষেপকে স্পষ্ট ভাষায় সমর্থন করল ফ্রান্স, ইজরায়েলের মতো দেশ।

দু’দেশকে সংযত থাকার বার্তা দিল চীন, আমেরিকা, রাশিয়া ও ব্রিটেন
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিন্দুর ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের বুকে জঙ্গিদের ৯টি ঘাঁটিকে। ভারতের এই পদক্ষেপকে স্পষ্ট ভাষায় সমর্থন করল ফ্রান্স, ইজরায়েলের মতো দেশ। তারা সাফ জানিয়েছে, ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে। যদিও কৌশলী অবস্থান নিয়েছে আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন। তাদের বক্তব্য, সামরিক সংঘাত নয়, ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিক। দু’টি দেশকেই উত্তেজনা প্রশমনের পরামর্শ দিয়েছে তারা।

Advertisement

মঙ্গলবার রাতেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হানাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর আশা, দু’দেশের মধ্যে সংঘাত দ্রুত মিটে যাবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, কিছু একটা যে হতে চলেছে, তা কমবেশি সবাই বুঝতে পেরেছিলেন বলেই আমার ধারণা। ভারত-পাকিস্তান দীর্ঘদিন ধরেই লড়াই করছে। আশা করছি, খুব শীঘ্রই তা মিটে যাবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এক্স হ্যান্ডলে জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকা। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ যাতে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পথে এগতে পারে, মার্কিন প্রশাসন সেব্যাপারে সচেষ্ট। মঙ্গলবার রাতে অপারেশন সিন্দুরের পর রুবিওর সঙ্গে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 
স্বাভাবিকভাবেই ভারতের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের ‘বন্ধু দেশ’ চীন। বেজিংয়ে বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছে, শান্তি, স্থিতাবস্থা বজায় রাখার জন্য দু’দেশের কাছে আবেদন জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে কোনও রকম সক্রিয়তা জটিলতা আরও বাড়াতে পারে। তাই ভারত ও পাকিস্তানকে শান্ত ও সংযত থাকতে হবে। প্রতিবেশী দেশের সংঘাত মেটাতে ‘গঠনমূলক ভূমিকা’ পালনে আগ্রহ প্রকাশ করেছে জি জিনপিংয়ের দেশ। রাশিয়াও একইভাবে সংযত থাকার বার্তা দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথেই সমস্যার করতে হবে। ভারতের প্রত্যাঘাতের পর যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রশমনে মধ্যস্থতার বার্তা দিয়েছে ব্রিটেন। বুধবার ব্রিটিশ বিদেশমন্ত্রী জোনাথন রেনল্ডস বলেন, আমরা ভারত-পাকিস্তান উভয়েরই বন্ধু ও সহযোগী। সংঘাত মেটাতে আমরা সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। সংযুক্ত আরব আমিরশাহীও সংযত থাকার বার্তা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেইরেজ। তিনি জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে , তা বিশ্বের জন্য ভালো হবে না। 
আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেনের উল্টো পথে হেঁটে সরাসরি ভারতকে সমর্থন জানিয়েছে ফ্রান্স, ইজরায়েল। ভারতের কর্মরত ইজরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন, আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। এব্যাপারে আমরা পাশে আছি। জঙ্গিদের বোঝা উচিত, নিরাপরাধদের নির্বিচারে হত্যার পর কোথাও লুকিয়ে তারা নিজেদের রক্ষা করতে পারবে না। ফ্রান্সও একই সুরে ভারতের পাশে দাঁড়িয়েছে। ফরাসি বিদেশমন্ত্রী জেন-নোয়েল ব্যারট জানিয়েছেন, সন্ত্রাসবাদের হাত থেকে নিজেদের রক্ষা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তা বুঝতে পারছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ