Bartaman Logo
২৭ মে, ২০২৬

৮০ ছাত্রীকে জামা খুলিয়ে বাড়ি পাঠালেন প্রিন্সিপাল

৮০ ছাত্রীকে জামা খুলিয়ে বাড়ি পাঠালেন প্রিন্সিপাল
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
রাঁচি: সামনেই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। স্কুলের শেষদিনে তাই ‘পেন ডে’ উদযাপনে মেতে উঠেছিল ছাত্রীরা। আর নিয়মিত দেখা হবে না। তাই একে অন্যের ইউনিফর্মে লিখে নিজেদের অনুভূতির কথা জানিয়েছিল তারা। অপরাধ এটুকুই। এতে রীতিমতো অসন্তুষ্ট হন প্রিন্সিপাল। সাজা হিসেবে ছাত্রীদের জামা খুলে ফেলতে বলেন। শেষপর্যন্ত শুধুমাত্র ব্লেজার পরেই বাড়িতে ফিরতে হল স্কুলের ৮০ জন ছাত্রীকে। ঝাড়খণ্ডের একটি বেসরকারি স্কুলের এই ঘটনায় প্রিন্সিপালের আচরণে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাঁরা প্রিন্সিপালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। প্রিন্সিপাল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। 
Advertisement
সূত্রের খবর, ছাত্রীদের জামায় নানা ধরনের মন্তব্য পড়ে ক্ষুব্ধ হন প্রিন্সিপাল। এভাবে তারা স্কুলের বাইরে গেলে বিষয়টি নিয়ে নানা কথা হতে পারে। তাই তড়িঘড়ি জামা খুলে রেখে ছাত্রীদের বাড়ি যেতে বলেন তিনি। এর তীব্র প্রতিবাদ জানায় পড়ুয়া ও তাদের অভিভাবকরা। এনিয়ে শনিবার ধানবাদের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাঁচ সদস্যের একটি কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রিন্সিপালের কড়া সমালোচনা করেছেন স্থানীয় বিধায়ক রাগিনী সিংও। তিনি বলেন, ‘অত্যন্ত লজ্জার বিষয়। ভেবে অবাক লাগছে। একজন মহিলা হয়ে কীভাবে তিনি এই কাজ করেন? ঘটনার পর থেকেই লজ্জায়-ভয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে ওই ছাত্রীরা। দ্রুত তদন্ত করে দোষীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
সম্পর্কিত সংবাদ