নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার বাঁকুড়া জেলার কমিটিগুলিকে দুর্গাপুজোর অনুদানের চেক তুলে দেওয়া হয়। এদিন বিকেলে বাঁকুড়া রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে পুজো কমিটির প্রতিনিধিদের হাতে ১লক্ষ ১০হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, এবার জেলার ১০২৬টি পুজো কমিটি চেক পাচ্ছে। চেক বিলির পাশাপাশি আমরা এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বাঁকুড়া ও বিষ্ণুপুর থানার পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেছি। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সাংসদ বলেন, বাংলার গর্ব দুর্গাপুজো রাজ্যের আঙিনা ছাড়িয়ে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। ভালোভাবে পুজো আয়োজনের জন্য রাজ্য সরকার উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে উদ্যোক্তারা খুশি হয়েছেন। বাংলার মর্যাদা যাতে কেউ ক্ষুণ্ণ করতে না পারে, তা সকলকে দেখতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে বাঁকুড়া জেলায় দেড় হাজারেরও বেশি পুজো হয়। বারোয়ারি বা সর্বজনীন পুজোর ক্ষেত্রে রাজ্য সরকার আর্থিক অনুদান দিয়ে থাকে। এবার ওই অনুদানের পরিমাণ একলপ্তে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। ফলে উদ্যোক্তাদের মধ্যেও এদিন খুশি লক্ষ্য করা গিয়েছে।



