গোয়ালিয়র: নবগ্রহ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭০ বছরের বৃদ্ধার। আহত আরও সাতজন। তাদের মধ্যে একজন নাবালিকা। মঙ্গলবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ডাবরা শহরে এই দুর্ঘটনা ঘটে।

গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান বলেন, ‘ ভিড়ের চাপে পদপিষ্ট হন এক বৃদ্ধা। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনের চিকিৎসা চলছে গোয়ালিয়রে। বাকি চারজন ডাবরায় চিকিৎসাধীন।’ সূত্রের খবর, এদিন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ‘কলস যাত্রা’র আয়োজন করা হয়েছিল। ডাবরা স্টেডিয়ামের কাছে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় জমতে থাকে। তাঁদের অধিকাংশই মহিলা। প্রথমে সবকিছু ঠিকঠাক চলছিল। আচমকা ‘কলস’ বিলিকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায়। এর জেরে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। বহু পুণ্যার্থী একসঙ্গে ‘কলস’ নিতে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঠেলাঠেলির জেরে পড়ে যান ওই বৃদ্ধা। তাঁর উপর দিয়েই এগিয়ে যান পুণ্যার্থীরা। গোয়ালিয়র রেঞ্জের ইনসপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনার কথায়, ‘একই মুহূর্তে বহু মহিলা এগিয়ে আসেন। তার জেরেই এই বিপত্তি।’ খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ পর ফের শুরু হয় ‘কলস যাত্রা’।