হায়দরাবাদ: ৭০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। হায়দরাবাদের আয়কর বিভাগের কমিশনার জীবনলাল লাভিদিয়াকে গ্রেপ্তার করল সিবিআই। অভিযোগ, একটি নামী বেসরকারি সংস্থার পক্ষে রায় দেওয়ার জন্য এই টাকা ঘুষ নেন তিনি। জানা গিয়েছে, অভিযুক্ত আয়কর কমিশনার সহ আরও ১৪ জন ব্যক্তি ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
সূত্রের খবর, সদ্য একটি ফাঁদ পেতেছিল সিবিআই। সেটিতে পা দেয় এক অভিযুক্ত। তাকে প্রায় ৭০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা। এরপর লাভিদিয়া ও তাঁর সহযোগীদের হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় মুম্বই, হায়দরাবাদ, বিশাখাপত্তনম, নয়াদিল্লি সহ ১৮টি জায়গায় তল্লাশি চালানো হয়। ঘুষের ৭০ লক্ষ টাকা ছাড়াও আরও প্রায় ৬৯ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়।