নিজস্ব প্রতিনিধি, বরানগর: মাতৃভাষার প্রতি টান থেকে ‘বর্ণপরিচয়’, হারিয়ে যাওয়া পুতুলকে অবলম্বন করে ‘পুতুল নাচের ইতিকথা’ থেকে ‘নারী’, ‘রাজস্থানের রাজবাড়ি’, ‘থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির’— এমন হরেক থিমযুদ্ধে জমজমাট নিউ বারাকপুরের দুর্গাপুজো। বিগ বাজেটের এইসব পুজোয় কোথাও মা এসেছেন থিমের সাজে, কোথাও সাবেকি। এতেই শেষ নয়, রং বাহারি আলোর বৈচিত্র্যে দর্শনার্থীদের চমক দিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সমস্ত পুজো উদ্যোক্তা। কোথাও কোথাও পুজোর দিনগুলিতে রাখা হয়েছে জমাটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিউ বারাকপুর শক্তি সংঘ পরিচালিত সর্বজনীন দুর্গোৎসব এবার ৭৫ বছরে পা দিয়েছে। তাদের থিম ‘পুতুল নাচের ইতিকথা’। বাংলার হারিয়ে যাওয়া পুতুলের বিবর্তনের ইতিহাস অসাধারণ মুন্সিয়ানায় মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। ছোট-বড় বিভিন্ন মাপের পুতুল দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ। প্রদীপ রুদ্রপালের তৈরি সাবেকি প্রতিমা নজর কাড়বে দর্শনার্থীদের। পূর্ব কোদালিয়া সংঘমিত্র ক্লাব পরিচালিত সর্বজনীন দুর্গোৎসব এবার ৭৫ বছরে পা দিয়েছে। তাদের থিম ‘বাংলা আমার মাতৃভাষা’। বাংলা বর্ণমালার পাশাপাশি বর্ণপরিচয় ও সহজপাঠের ছড়ায় সেজে উঠেছে মণ্ডপ। মণ্ডপের মধ্যে প্রায় হাজার স্লেটে অ, আ, ক, খ সহ নানা ছড়া দেখতে পাবেন দর্শনার্থীরা। মণ্ডপের অন্দরসজ্জায় রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত সহ মনীষীদের ছবি। মা আসবেন সাবেকি সাজে।
জনকল্যাণ সমিতি পরিচালিত সর্বজনীন দুর্গোৎসব এবার ৭৫ বছরে পা দিয়েছে। তাঁদের থিম ‘আমার অলিন্দে’। উত্তর কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রশস্ত বৈঠকখানা ও সিঁড়ি। মণ্ডপে আঁকা নানা ভাস্কর্য চোখ টানবে দর্শনার্থীদের। ২৭ ফুটের উঁচু মণ্ডপ ও ১৪ ফুটের সাবেকি প্রতিমা বড় আকর্ষণ।
কিশোর সংঘ পরিচালিত সর্বজনীন দুর্গোৎসব ২৭ বছরে পা দিয়েছে। তাদের থিম ‘নারী’। শুধুমাত্র পুজোর চারদিন নয়, নারীদের পুজো হোক প্রতিদিন। অসাধারণ দক্ষতায় এই ভাবনা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। মা আসছেন থিমের সাজে। মহাজাতি পরিষদ পরিচালিত সতীন সেন নগর সর্বজনীন দুর্গোৎসব এবার ৭২ বছরে পা দিয়েছে। তাদের থিম ‘সংরক্ষণ’। সম্পূর্ণ লোহার কাঠামো দিয়ে তৈরি হয়েছে মণ্ডপটি। মাটি খুঁড়ে বা গর্ত করে মণ্ডপ তৈরি করা হয়নি। মাঠ বাঁচানোর বার্তা দিয়েছেন পুজো উদ্যোক্তারা। মা আসছেন সাবেকি সাজে।
নবপল্লি এভারগ্রিন ক্লাব পরিচালিত দুর্গোৎসবের এবার চতুর্দশ বর্ষ। তাদের থিম রাজস্থানের রাজবাড়ি। প্লাই, ফাইবার, কাপড় দিয়ে তৈরি বিশালাকার রাজবাড়ি নজর কাড়বে দর্শনার্থীদের। কালাচাঁদ রুদ্রপালের প্রতিমাও বড় আকর্ষণ। চিলড্রেন পার্ক বিবেকানন্দ সংঘের দুর্গাপুজো এবার ৬০ বছরে পা দিয়েছে। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমাতেও রয়েছে চমক। শহিদ সরণি বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের এবার ৩৪ বছর। থাইল্যাণ্ডের মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। বিবেকানন্দ ক্রীড়াঙ্গনের বিশাল মাঠ জুড়ে তৈরি ওই দৃষ্টিনন্দন মণ্ডপ নজর কাড়বে দর্শনার্থীদের। কৃষ্ণনগর থেকে আসছে আকর্ষণীয় প্রতিমা। শিবাজি সংঘের দুর্গোৎসব ৭১ বছরে পা দিয়েছে। তাদের থিম ‘সাবেকে শরণ্যা’। বাংলার প্রাচীন ও সাবেক পুজোর পরিবেশ সৃষ্টি করা হয়েছে মণ্ডপে। জগৎজননী আসছেন চিরায়ত রূপে।