Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মাইনাস ২৩ ডিগ্রি ঠান্ডা, অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পৌঁছে দিলেন ক্যাব চালক, ভারতীয় বংশোদ্ভূত প্রশংসিত কানাডায়

বাইরের তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রির নীচে। কনকনে শীতের রাতে প্রসববেদনায় কাতর এক মহিলা ও তাঁর সঙ্গীকে নিয়ে হাসপাতালে ছুটলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাব চালক।

মাইনাস ২৩ ডিগ্রি ঠান্ডা, অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পৌঁছে দিলেন ক্যাব চালক, ভারতীয় বংশোদ্ভূত প্রশংসিত কানাডায়
  • ৩ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

টরন্টো: বাইরের তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রির নীচে। কনকনে শীতের রাতে প্রসববেদনায় কাতর এক মহিলা ও তাঁর সঙ্গীকে নিয়ে হাসপাতালে ছুটলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাব চালক। গাড়িতেই সন্তানের জন্ম দেন ওই তরুণী। তবে তিনজনকেই নিরাপদে হাসপাতালে পৌঁছে দিয়েছেন ওই ক্যাব ড্রাইভার। কানাডার ক্যালগেরির এই ঘটনায় সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা। স্থানীয় সংবাদমাধ্যমও ওই চালকের তৎপরতার প্রশংসা করেছে। 

Advertisement

জানা যাচ্ছে, ওই ক্যাব চালকের নাম হরদীপ সিং তুর। তিনি বলেন, ‘শনিবার রাতে ক্যাবের বুকিং পেয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখি, সওয়ারি একজন সন্তানসম্ভবা। সঙ্গীর সাহায্যে তিনি কোনওমতে ক্যাবে ওঠেন। ওই মহিলা ব্যাথায় কাতরাচ্ছিলেন। প্রথমে ভেবেছিলাম, অ্যাম্বুলেন্সকে ফোন করব। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত বদল করি। ওই মহিলার শারীরিক পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, তাঁর হাতে খুব বেশি সময় নেই।’ 
তুর জানিয়েছেন, ওই এলাকা থেকে নিকটবর্তী হাসপাতাল যেতে প্রায় আধঘণ্টা সময় লাগে। গাড়ি চালানোর সময় পিছনের সিটে ছটফট করছিলেন মহিলা। প্রবল শীত আর পিচ্ছিল রাস্তার কারণে দ্রুত অথচ সতর্কভাবে গাড়ি চালাতে হচ্ছিল। তুর বলেন, ‘রাস্তার প্রতিটা লাল সিগন্যাল যেন আমার স্নায়ুর পরীক্ষা নিচ্ছিল।’ তবে হাসপাতালে পৌঁছানোর আগে রাস্তাতেই সন্তানের জন্ম দেন ওই মহিলা। তার কিছুক্ষণের মধ্যেই তিনজনকে হাসপাতালে পৌঁছে দেন তুর। আপাতত মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তুর বেশ গর্বিতভাবেই বলেন, ‘আমি চার বছর গাড়ি চালাচ্ছি। এই প্রথম দুই সওয়ারিকে তুলে তিন সওয়ারিকে নামালাম।’

সম্পর্কিত সংবাদ