চণ্ডীগড়: বাইকে করে এসে পরপর গুলি। লুটিয়ে পড়লেন ব্যবসায়ী। সোমবার সকালে ভরা বাজারে এমনই হাড়হিম করা হত্যাকাণ্ডের সাক্ষী থাকল পাঞ্জাবের আবোহার। সঞ্জয় ভার্মা নামে এক ব্যবসায়ীকে তাঁর শোরুমের সামনেই খুন করল তিন দুষ্কৃতী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে, প্রকাশ্যে এধরনের দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে পাঞ্জাবের আপ সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর বাদলের মন্তব্য, ‘এই খুন রাজ্য সরকারের ব্যর্থতাই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’



