Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাজের টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত ব্যবসায়ী ধৃত

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ভিন রাজ্যের তরুণীকে খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ উঠল। ভবানীপুরের একটি হোটেলে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিস।

কাজের টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত ব্যবসায়ী ধৃত
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ভিন রাজ্যের তরুণীকে খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ উঠল। ভবানীপুরের একটি হোটেলে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কীর্তি মেহেতা (৫৯)। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে ভবানীপুর থানা। আলিপুর আদালতে পেশ করা হলে, ধৃতকে ১ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

ভবানীপুর থানা এলাকার এলগিন রোডের বাসিন্দা কীর্তি। ২০২৩ সালে একটি পানশালায় তাঁর সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। ২১ বছরের ওই তরুণী দিল্লির বাসিন্দা। ধর্মতলা চত্বরের একটি পানশালায় কর্মরত তিনি। তরুণী পানশালায় নর্তকীর কাজ ছাড়তে চাইছিলেন। সেকথা পানশালায় নিয়মিত যাওয়া ওই ব্যবসায়ীকে জানান তিনি। অভিযোগ, কাজের প্রলোভন দেখিয়েই একটি হোটেলে ডেকে পাঠানো হয় তরুণীকে। গত ৭ মার্চ রাত ৮টা নাগাদ সেখানে যান তিনি। তরুণীর দাবি, সেখানেই জোর করে তাঁকে ধর্ষণ করে ৫৯ বছর বয়সি ওই ব্যবসায়ী। ধর্ষণের কথা পুলিসকে জানালে প্রাণনাশের হুমকিও ওই ‘কীর্তিমান’ দেয় বলে অভিযোগ। কিন্তু, তৎক্ষণাৎ থানার দ্বারস্থ হননি তরুণী। পুলিস সূত্রের খবর, ঘটনার দু’দিন পর থানায় হাজির হন অভিযোগকারিণী। রবিবার রাত ১টা নাগাদ ভবানীপুর থানায় উকিল নিয়ে যান তিনি। ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিস। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। এরপরেই কীর্তি মেহেতার এলগিন রোডের বাড়িতে হানা দেয় পুলিস। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ব্যবসায়ীকে। অভিযুক্তকে আদালতে পেশ করার পাশাপাশি তরুণীর গোপন জবানবন্দির আর্জি জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। আজ, মঙ্গলবার তরুণীর ম্যাজিস্ট্রেটের সামনে সেই বক্তব্য পেশ করার কথা রয়েছে। দু’দিন পর কেন তরুণী থানার দ্বারস্থ হলেন, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ