Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি থেকে দীঘাগামী বাস পরিষেবার সূচনা

একসময়ে সিউড়ি থেকে সড়কপথে বাসে চেপে দীঘা যাওয়া যেত। বছর কয়েক আগে সেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। এবার দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হতেই ফের চালু হল সিউড়ি-দীঘা বাস পরিষেবা

সিউড়ি থেকে দীঘাগামী বাস পরিষেবার সূচনা
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: একসময়ে সিউড়ি থেকে সড়কপথে বাসে চেপে দীঘা যাওয়া যেত। বছর কয়েক আগে সেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। এবার দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হতেই ফের চালু হল সিউড়ি-দীঘা বাস পরিষেবা। শুক্রবার সিউড়ির বাস স্ট্যান্ড চত্বরে বিধায়ক বিকাশ রায়চৌধুরী, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ অন্যান্যদের উপস্থিতিতে এই পরিষেবার সূচনা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ভাড়া বেশ পকেট ফ্রেন্ডলি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা জানিয়েছে, সিউড়ি থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দূরে দীঘা পৌঁছতে যাত্রীদের খরচ করতে হবে মাত্র ২৯৯ টাকা। সংস্থার তরফে দাবি করা হয়েছে, আগামীতে সিউড়ি-দীঘা রুটে শীততাপ নিয়ন্ত্রিত বাস চালু করার ভাবনাও রয়েছে। সংস্থার চেয়ারম্যান বলেন, জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দীঘায় মানুষের আনাগোনা বেড়েছে। দুর্গাপুর, বহরমপুর, তারাপীঠ, কলকাতা থেকে দীঘাগামী বাস চলে। আগামীতে করিমপুর সহ আরও একাধিক জায়গা থেকে দীঘাগামী বাস চালু করা হবে। উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবাও। আজ, শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ সিউড়ি থেকে প্রথম বাসটি যাত্রী নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে, ৯টা বেজে ৫০ মিনিটে দীঘা থেকে সিউড়ির উদ্দেশ্যে আর একটি বাস যাত্রা শুরু করবে। সরাসরি কাউন্টার থেকে ছাড়া অনলাইনেও টিকিট কাটা যাবে। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী আমাদের দাবি পূরণ করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সিউড়িবাসীর জগন্নাথ মন্দির দর্শনের জন্য নতুন বাস পরিষেবার সূচনা হল। • নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ