Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান বিশ্ববিদ্যালয়: আর্থিক কেলেঙ্কারির তদন্তে হাইপাওয়ার কমিটি গঠন

প্রায় দু’কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে হাইপাওয়ার কমিটি গঠন করল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উচ্চ আদালতের একজন প্রাক্তন বিচারপতিকে এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়: আর্থিক কেলেঙ্কারির তদন্তে হাইপাওয়ার কমিটি গঠন
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রায় দু’কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে হাইপাওয়ার কমিটি গঠন করল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উচ্চ আদালতের একজন প্রাক্তন বিচারপতিকে এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে। একজন ডিন এবং আইনজীবী তাঁকে সহযোগিতা করবেন। কেলেঙ্কারির ঘটনায় অর্থদপ্তরের এক শীর্ষ আধিকারিক ও প্রাক্তন রেজিস্ট্রারের ভূমিকা খতিয়ে দেখবে এই কমিটি। ভিসি শঙ্করকুমার নাথ বলেন, লালবাজার ঘটনার তদন্ত করছে। আমরাও পুরো বিষয়টি জানতে হাইপাওয়ার কমিটি গঠন করেছি। রিপোর্ট জমা করার পর কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রার সুজিত চৌধুরী আট মাস আগে অবসর নিয়েছেন। তারপর থেকে অন্য এক আধিকারিক রেজিস্ট্রারের কাজ সামলাচ্ছিলেন। হঠাৎ করে সুজিতবাবুর কাজের মেয়াদ বাড়ানো হয়। তা নিয়ে বিশ্ববিদ্যালয় ফের সরগরম হয়ে ওঠে। এতদিন পর কীভাবে তাঁর আবার কাজের মেয়াদ বাড়ানো হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কয়েক দিন আগে সুজিতবাবু রেজিস্ট্রারের অফিসে যান। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। ভিসি তাঁকে রেজিস্ট্রারের অফিস ছাড়ার জন্য চিঠি করেন। তাঁর নামে থানায় অভিযোগ করা হয়। কয়েক দিন আগে রেজিস্ট্রারের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সুজিতবাবু তা নিয়ে ভিসির বিরুদ্ধে অভিযোগ করেন। এই ঘটনায় ছাত্রছাত্রীরা তাজ্জব হয়ে যান। তাঁরা বলেন, এই টানাপোড়েনের অর্থ কেলেঙ্কারির বিষয়টি পিছনে চলে যাচ্ছে। ওই ঘটনার মূল অভিযুক্তরা এখনও ফেরার রয়েছে। সুজিতবাবুর সময়েই অর্থ কেলেঙ্কারির ঘটনাটি হয়েছিল।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ