Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির মণ্ডল কমিটি গঠন: পানিহাটিতে হাতাহাতি, ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মণ্ডল কমিটি গঠন নিয়ে বিজেপির অভ্যন্তরীণ বৈঠকে রীতিমতো হাতাহাতি হল। পানিহাটিতে দলের গোষ্ঠী কোন্দলকে ঘিরে শুরু হয়েছে তীব্র গুঞ্জন।

বিজেপির মণ্ডল কমিটি গঠন: পানিহাটিতে হাতাহাতি, ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মণ্ডল কমিটি গঠন নিয়ে বিজেপির অভ্যন্তরীণ বৈঠকে রীতিমতো হাতাহাতি হল। পানিহাটিতে দলের গোষ্ঠী কোন্দলকে ঘিরে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। শুধু তাই নয়, দুই গোষ্ঠীর মধ্যে পরস্পরকে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে তৃণমূল কটাক্ষ ছুড়ে দিলেও হাতাহাতির অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পানিহাটির ১ নম্বর আজাদ হিন্দ নগরে বিজেপির দলীয় কার্যালয়ে পানিহাটি ৩ নম্বর মণ্ডল কমিটির বৈঠক চলছিল। সেখানে মণ্ডল কমিটি গঠন নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। অভিযোগ, নতুন কমিটিতে অন্যান্য দল থেকে আসা নেতা ও রাজনৈতিক অভিজ্ঞতা নেই, এমন লোকজনকে স্থান দেওয়া হয়েছে। অথচ, পুরনোদের জায়গা দেওয়া হচ্ছে না।  বচসা ক্রমে হাতাহাতিতে পরিণত হয়। যদিও উপস্থিত বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হয়। তৃণমূলের মুখপাত্র তথা দলের পূর্ব পানিহাটি শহর সভাপতি সম্রাট চক্রবর্তী বলেন, স্থানীয় স্তরে কমিটি গড়তে গিয়েই নিজেরা হাতাহাতি করছে। তাদের কাছে রাজ্যশাসন দিবাস্বপ্ন। বিজেপির দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, আমাদের দলে সংবিধান অনুসারে সভাপতি নির্বাচিত হয়। কোনও গণ্ডগোল হয়েছে বলে আমার জানা নেই। ব্যক্তিগত স্তরে কিছু হয়ে থাকলে তা আমার জানা নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ