Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত প্রয়োজন, মমতার সুরেই দাবি বিজেপি সাংসদের

‘সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্ত চা‌ই।’ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পর এমনই মন্তব্য তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত প্রয়োজন, মমতার সুরেই দাবি বিজেপি সাংসদের
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্ত চা‌ই।’ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পর এমনই মন্তব্য তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় দেশীয় রাজনীতিতে। বৃহস্পতিবার সেই সুরেই সুর মেলালেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, দুর্ঘটনায় মৃত্যুর কারণ খতিয়ে দেখতে অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন। তাতে কোনো সমস্যা নেই। বঙ্গ বিজেপির সাংসদের এহেন ‘বেসুরো’ প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই বাংলায় বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতির অন্দরমহলে জল্পনাও তৈরি হয়েছে।

Advertisement

দু’দিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ওই দুর্ঘটনার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। বাংলার মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের কড়া বিরোধিতা করে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। কিন্তু এবার গেরুয়া শিবিরের সাংসদ জগন্নাথবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে মন্তব্য করায় ব্যাকফুটে বিজেপি। এদিন দিল্লিতে সংবাদ সংস্থাকে জগন্নাথবাবু বলেছেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক একটি দুর্ঘটনা ঘটেছে। যা ক্ষতি হয়েছে, তা দেশের জন্য অপূরণীয়। ফলে এখানে একটি উদ্বেগের বিষয়ও রয়েছে। তা কোনোমতে উড়িয়ে দেওয়া যায় না। তাই তদন্ত হওয়া উচিত। তদন্তে কোনো সমস্যা নেই। বরং এই দুর্ঘটনা নিয়ে আপাতত বেশি কথা না বলাই ভালো।’

সঙ্গত কারণেই রানাঘাটের বিজেপি সাংসদের এহেন মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক সামলাতে এদিন ‘বর্তমান’কে তাঁর প্রতিক্রিয়ার ব্যাখ্যাও দিয়েছেন জগন্নাথবাবু। তিনি বলেন, বিমান দুর্ঘটনার তদন্ত অবশ্যই হওয়া প্রয়োজন। এত হাই-প্রোফাইল একজন মানুষ নিহত হলেন যে দুর্ঘটনায়, তার পূর্ণাঙ্গ তদন্ত হতেই হবে। তবে এবিষয়ে যে কোনো রাজনৈতিক দোষারোপের পরিস্থিতি নেই, তাও মাথায় রাখতে হবে।’ তবে বঙ্গ বিজেপি সাংসদের এহেন ‘ব্যাখ্যা’য় আদৌ কতটা ড্যামেজ কন্ট্রোলে হবে, তা নিয়ে সংশয়ে গেরুয়া শিবির।

Advertisement
সম্পর্কিত সংবাদ