বিদ্যুত্কান্তি বর্মন, ফালাকাটা: পিচের আস্তরণ উঠে গিয়েছে। ভরেছে খানাখন্দে। ফালাকাটা শহরের ৪ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনির প্রায় এক কিমি রাস্তার কার্যত এমনই কঙ্কালসার দশা। এই পাড়াতেই বাড়ি ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের। অথচ নির্বাচিত হওয়ার চার বছর পেরোতে চললেও নিজের বাড়ির সামনের রাস্তাটাই সংস্কার করতে ব্যর্থ এই পদ্ম বিধায়ক। রাস্তার এই দশায় সাধারণ মানুষের ক্ষোভ সপ্তমে চড়েছে। পুরসভাও এত বছরে রাস্তাটি সংস্কার করেনি। যার জেরে ধুলোয় নাজেহাল এলাকার বাসিন্দারা। পদ্ম বিধায়কের দাবি, রাস্তাটি পুরসভা এলাকার। তাই এটি সংস্কারের দায়িত্ব তাদেরই। বিধায়ক তহবিলে যে অর্থ বরাদ্দ হয়, তা দিয়ে গোটা বিধানসভা দেখতে হয়। ফলে এই গোটা রাস্তাটি তৈরির জন্য যে বিপুল টাকা দরকার, তা বিধানসভার সামান্য তহবিল থেকে দেওয়া সম্ভব নয়। এবিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম দেব অবশ্য বলেন, ইতিমধ্যেই আমরা এই রাস্তাটি পাকা করার জন্য উদ্যোগ নিয়েছি। পুরসভার ইঞ্জিনিয়ারিং সেকশনের পক্ষ থেকে ডিপিআর বানানো হয়েছে।



