Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গোলপার্থক্যে ফাইনালে পৌঁছল বেঙ্গালুরু এফসি

জিতেও বিদায় এফসি গোয়ার। রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে দ্বিতীয় লেগের সেমি-ফাইনালে বেঙ্গালুরুকে ২-১ গোলে হারায় মানোলো মার্কুয়েজের দল।

গোলপার্থক্যে ফাইনালে পৌঁছল বেঙ্গালুরু এফসি
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গোয়া-২            :         বেঙ্গালুরু-১
(দুই পর্ব মিলিয়ে ৩-২ ব্যবধানে
 জয়ী বিএফসি)

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিতেও বিদায় এফসি গোয়ার। রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে দ্বিতীয় লেগের সেমি-ফাইনালে বেঙ্গালুরুকে ২-১ গোলে হারায় মানোলো মার্কুয়েজের দল। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। প্রথম পর্বে কান্তিরাভা স্টেডিয়ামে ২-০ গোলে গোয়াকে বশ মানায় গার্ডেন সিটির দল। এদিনের পর গোলপার্থক্য দাঁড়ায় ৩-২। ফলে দুই পর্ব মিলিয়ে ফাইনালে পৌঁছে গেলেন সুনীল ছেত্রীরা।
রবিবার ঘরের মাঠে শুরু থেকেই দাপট ছিল মানোলোর দলের। দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৪৯ মিনিটে বোরহা হেরেরার দুরন্ত ফ্রি-কিকে লিড নেয় এফসি গোয়া (১-০)। এরপর চাপের মুখে দুরন্ত সেভ করেন গুরপ্রীত সিং সান্ধু। তবে  ৮৮ মিনিটে নিখুঁত হেডে ফিনিশ আর্মান্দো সাদিকুর (২-০)। সবাই ধরে নিয়েছিলেন ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াচ্ছে। মোক্ষম সময়ে জ্বলে উঠলেন সেই সুনীল ছেত্রী। সংযোজিত সময়ে শরীর ছুড়ে হেড করে জাল কাঁপান তিনি (২-১)। চলতি টুর্নামেন্টে তাঁর ১৪তম লক্ষ্যভেদ। আলেদাইন আজারের পর দ্বিতীয় সর্বাধিক গোলদাতা সুনীল। এই গোলই বেঙ্গালুরু এফসি’র সামনে ফাইনালের দরজা খুলে দেয়। সুনীল জাল কাঁপানোর পর আর ম্যাচে ফরার সময় ছিল না গোয়ার। তবে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ এফসি গোয়া শিবিরে। ম্যাচের পর রেফারি ও সহকারী রেফারির দিকে তেড়ে যান দলের সাপোর্ট স্টাফেরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ