বার্সেলোন: সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ছয় পয়েন্টে এগিয়ে যাওয়ার। কিন্তু শনিবার রিয়াল বেতিসের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করল বার্সেলোনা। অবশ্য মুখ থুবড়ে পড়েছে রিয়াল মাদ্রিদও। ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ১-২ গোলে হারাল কার্লো আনসেলোত্তি ব্রিগেড। ফলে বার্সার সঙ্গে তাদের ব্যবধান দাঁড়াল চার পয়েন্টের। আর জয়ের সুযোগ হাতছাড়া করা হ্যান্স ফ্লিক বাহিনীর সংগ্রহ ৩০ ম্যাচে ৬৭। তারাই রয়েছে লিগ শীর্ষে। সমসংখ্যক ম্যাচে রিয়াল পেয়েছে ৬৩ পয়েন্ট।
ঘরের মাঠে ৭ মিনিটেই গাবির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। ১৭ মিনিটে বেতিসকে সমতায় ফেরান নাতান। ম্যাচের বাকি সময়ে দুই দল আর গোল করতে পারেনি। তবে একাধিক সুযোগ হাতছাড়া করেন ইয়ামাল, লিওয়ানডস্কিরা। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। মাইলস্টোন ম্যাচে পেনাল্টি মিস করে খলনায়ক ভিনিসিয়াস। তার জেরে শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ১-২ ব্যবধানে হারল রিয়াল মাদ্রিদ। জয়ী দলের হয়ে জাল কাঁপালেন মোক্তার দিয়াকহাভে ও হুগো ডুরো। রিয়ালের একমাত্র গোলটি ভিনিসিয়াসের। তবে পেনাল্টি মিসের জন্য ম্যাচ শেষ গ্যালারির বিদ্রুপ শুনতে হয় তাঁকে।