Bartaman Logo
১১ জুন, ২০২৬

অখিলেশ-পত্নীকে আপত্তিকর মন্তব্য, মৌলানার সমালোচনা বাঁশুরি স্বরাজের

মসজিদে যথাযথ পোশাকবিধি মানেননি। এই অভিযোগ তুলে অখিলেশ যাদব-পত্নী তথা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবের সমালোচনা করেছিলেন মুসলিম ধর্মগুরু মৌলনা সাজিদ রাশিদি।

অখিলেশ-পত্নীকে আপত্তিকর মন্তব্য, মৌলানার সমালোচনা বাঁশুরি স্বরাজের
  • ২৯ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

লখনউ: মসজিদে যথাযথ পোশাকবিধি মানেননি। এই অভিযোগ তুলে অখিলেশ যাদব-পত্নী তথা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবের সমালোচনা করেছিলেন মুসলিম ধর্মগুরু মৌলনা সাজিদ রাশিদি। সেই ইস্যুতেই সোমবার ডিম্পলের সমর্থনে এগিয়ে এসেছেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। তবে এই নিয়ে গেরুয়া শিবিরকে কোনও রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগই দিলেন না ডিম্পল। অখিলেশ জায়ার সাফ কথা, ‘বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হচ্ছে দেখে ভালো লাগছে। তবে মণিপুরের ভয়াবহ নৃশংসতা নিয়ে একই ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ হলে অনেক বেশি কাজের কাজ হতো।’ 

Advertisement

শুক্রবার সংসদ ভবনের কাছে একটি মসজিদে গিয়েছিলেন ডিম্পল। সঙ্গে সমাজবাদী পার্টির অপর সাংসদ ইকরা হাসান। ডিম্পলের পরনে ছিল শাড়ি। আর ইকরা মাথাঢাকা পোশাকে। বিষয়টি নিয়ে একটি টিভি চ্যানেলের বিতর্কে ডিম্পলকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বসেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মৌলনা সাজিদ রাশিদি। সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়। এ প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ-কন্যা বাঁশুরি সোমবার বলেন, ‘একজন সাংসদকে নিয়ে এমন অসম্মানজনক মন্তব্য লজ্জার। এরপরেও ডিম্পল যাদবের স্বামী অখিলেশ যাদব, তাঁর দল এবং বিরোধী রাজনৈতিক দলগুলি নীরব। এক মহিলার সম্মানের থেকেও তোষণের রাজনীতি কী বেশি গুরুত্বপূর্ণ? বিরোধীরা কি এই অশোভন মন্তব্যের সঙ্গে সহমত? ডিম্পল সপার সাংসদ হওয়া সত্ত্বেও এনডিএ এই মন্তব্যের সমালোচনা করছে।’ বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। তিনি বলেন, ‘এক ধরনের সংস্কারাচ্ছন্ন মানসিকতার প্রভাব পড়েছে এই মন্তব্যে। কী স্পর্ধা ওই ব্যক্তির! কারও বিরুদ্ধে কীভাবে এমন মন্তব্য করা যায়? এই মন্তব্য অনভিপ্রেত।’ 
যদিও রাশিদির সাফাই, ‘মসজিদে বসার সময় ইসলামি রীতি ডিম্পল মানেননি। তাই এই মন্তব্য করেছি। মসজিদ কোনও সংসদ নয়।’ যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বিভূতিখণ্ড থানায় এফআইআর দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা প্রবেশ যাদব। তাঁর অভিযোগ, ‘রাশিদির মন্তব্য শুধু নারী বিদ্বেষীই নয়, উস্কানিমূলক!’

Advertisement
সম্পর্কিত সংবাদ