নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের ২৪ জন নাগরিক কীভাবে এবং কার সাহায্যে এপারে এলেন, তা জানতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। বাংলাদেশের বেশ কিছু দালালকে মোটা টাকা দিয়ে ভারতে ঢুকেছিলেন তাঁরা। জেরায় জানিয়েছেন ধৃত বাংলাদেশি নাগরিকরা। তবে শুধু একজন নয়, একাধিক দালালের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। মাথা পিছু ২০ হাজার টাকার বিনিময়ে চোরাপথে ভারতে আসার ব্যবস্থা করে দিয়েছে তারা। তবে এর আগেও এইভাবে কয়েকজন এদিকে এসেছেন বলে জানতে পেরেছে পুলিস। ভারতের সীমায় প্রবেশ করে স্থানীয় দালালদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই ব্যক্তিরা। কিন্তু গোসাবার কুমিরমারি থেকে এগিয়ে যাওয়ার আগেই পুলিসের হাতে গ্রেপ্তার হয়ে গিয়েছেন সবাই।



