Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাল নথি নিয়ে পারাপার করার চেষ্টা চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনে ধৃত বাংলাদেশি

চ্যাংরাবান্ধা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে জাল নথিপত্র দেখিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ে এক ব্যক্তিকে পুলিস গ্রেপ্তার করেছে।

জাল নথি নিয়ে পারাপার করার চেষ্টা চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনে ধৃত বাংলাদেশি
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা ও মেখলিগঞ্জ: চ্যাংরাবান্ধা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে জাল নথিপত্র দেখিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ে এক ব্যক্তিকে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ উজ্জ্বল। এতদিন ভারতে সে জিয়ারুল হক নামে বসবাস করছিল। সম্প্রতি সে কলকাতার একটি কোম্পানিতে কাজে যোগ দেয়। প্রায় আট বছর থেকে সে ভারতে রয়েছে। সীমান্তে অপরাধমূলক কাজকর্ম সহ চোরাকারবারেও জড়িত ছিল বলে তদন্তকারী পুলিস অফিসারদের দাবি। তাকে সহায়তা করছিল হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তি। ওই ব্যক্তি ধৃত বাংলাদেশির জাল ভোটার কার্ড, প্যান কার্ড তৈরিতে সহায়তা করেছিল। হলদিবাড়ির ওই ব্যক্তির বাড়িতেও সে বেশ কিছুদিন ছিল। 

Advertisement

সোমবার মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই বলেন, রবিবার জিয়ারুল হক নামে এক ব্যক্তি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাচ্ছিল। তার আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। কথার মধ্যে অসঙ্গতি থাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ড পাওয়া গিয়েছে। দু’টি বাংলাদেশি সিমকার্ড পাওয়া গিয়েছে। তার প্রকৃত নাম মহম্মদ উজ্জ্বল। ওই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে হলদিবাড়ির দেওয়ানগঞ্জ এলাকার ফিরোজ সরকার নামে এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ফিরোজ সরকার ওই বাংলাদেশিকে নিজের বাড়িতে রেখে জাল নথিপত্র তৈরি করে দিয়েছিল। দু’জনে মিলে সীমান্তে পাচার সহ অপরাধমূলক কাজ করত। বেশ কিছুদিন ধরে কলকাতার একটি কাজুবাদাম ফ্যাক্টরিতে কাজ করছিল জিয়ারুল। ইমিগ্রেশন চেকপোস্টের পুলিসের তৎপরতায় সে ধরা পড়েছে। অতিরিক্ত পুলিস সুপার জানিয়েছেন, ধৃতকে আদালতে তুলে পাঁচদিনের হেফাজতে নিয়েছি। এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 
প্রসঙ্গত, সম্প্রতি চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এদেশে ঢোকার পর এক বাংলাদেশি ভারত সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফের এক বাংলাদেশি জাল পাসপোর্ট সহ ধরা পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ