ঢাকা: আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বাংলাদেশে। দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতিও শুরু হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছেন সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সরকারের উপদেষ্টা মণ্ডলীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে যাবতীয় আলোচনা হয়েছে। এরইমধ্যে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের দাবি, ফ্রেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। কারণ হিসেবে তাঁরা বলছেন, নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের কাজগুলি এখনও সম্পূর্ণ হয়নি। এমতাবস্থায় ভোট করা সম্ভব নয়। এনসিপির এমন দাবি জল্পনা উস্কে দেয়।
এদিন এধরনের যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন আসিফ নজরুল। তাঁর কথায়, ‘এর আগেও বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক নেতাই বিভিন্ন ধরনের মন্তব্য করতেন। এখনও সেই ধারাবাহিকতা রয়ে গিয়েছে। ভোট নিয়ে তাঁরা দলীয়ভাবে মতামত দিতেই পারেন। নির্বাচন প্রক্রিয়া আয়োজনের ভার প্রশাসনের। সেখানে রাজনৈতিক দলের কোনও ভূমিকা নেই। আগামী বছরের ফেব্রুয়ারিতেই গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।’ তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে সংসদীয় নির্বাচনের কথা জানিয়েছেন। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেখান থেকে পিছিয়ে আসার প্রশ্নই নেই।