বাকু: অপারেশন সিন্দুরের সময় সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছিল আজারবাইজান। বাকুর অবস্থান মোটেও সন্তুষ্ট করতে পারেনি দিল্লিকে। সেদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন বহু ভারতীয়। এবার সরাসরি ভারতের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার অভিযোগ তুলল আজারবাইজানের সংবাদমাধ্যম। দিল্লির আপত্তির কারণেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পূর্ণ সদস্য হওয়া অধরাই থেকে গিয়েছে আজারবাইজানের। সম্প্রতি চীনে এসসিও সম্মেলনের ফাঁকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পার্শ্ব বৈঠক সারেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। শাহবাজকে ভারতের বিরুদ্ধে ‘বিজয়ের’ জন্য অভিনন্দন জানান তিনি। আলিয়েভ দাবি করেন, এসসিও-র পূর্ণ সদস্য হতে দিল্লি বাধা দিলেও ইসলামাবাদকে সমর্থন জুগিয়ে যাবেন তাঁরা।



