Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাসেলকে ফিরিয়ে তৃপ্ত অশ্বিনী কুমার

মুম্বই ইন্ডিয়ান্স এর আগে ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়েছে যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, তিলক ভার্মার মতো প্রতিভাদের।

রাসেলকে ফিরিয়ে তৃপ্ত অশ্বিনী কুমার
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স এর আগে ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়েছে যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, তিলক ভার্মার মতো প্রতিভাদের। চলতি আইপিএলের প্রথম ম্যাচে নজর কেড়েছিলেন নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির বাঁ-হাতি স্পিনার ভিগনেশ পুথুর।  আর সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াদের জয়ের রাস্তা গড়ে দিলেন আর এক বাঁ-হাতি, অশ্বিনী কুমার। তিন ওভার বল করে চার উইকেট নিয়ে নাইটদের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। আইপিএল অভিষেকে কোনও ভারতীয় এর আগে চার উইকেট নেননি।

Advertisement

পাঞ্জাবের মোহালি জেলার ঝানজেরি গ্রামে জন্ম অশ্বিনীর। গরিব পরিবার থেকে ক্রিকেটার হয়ে ওঠা একেবারেই সহজ ছিল না। তবে অশ্বিনী হার মানেননি। প্রতিভার জোরে ১৮ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটান তিনি। কিন্তু এরপরই হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দেয়। দুই মরশুম পর ফের পাঞ্জাব দলে আসেন তিনি। কিন্তু রনজি ট্রফিতে একটার বেশি ম্যাচ খেলেননি। ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতেও খেলেন একটিই ম্যাচ। ২০২২-২৩ মরশুমে সাদা বলের ক্রিকেট আরও তিনটি ম্যাচে নামানো হয় তাঁকে। কিন্তু সেই সময় তাঁকে ওই আসরের যোগ্য বলে মনে করা হয়নি। 
২০২৩ সালে চণ্ডীগড়ের লঞ্চিং প্যাড ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন অশ্বিনী। ২০২৪-২৫ মরশুমের জন্য সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলেও আসেন। কিন্তু কোনও ম্যাচে খেলার আগেই আসে আইপিএলের মেগা নিলামে। মুম্বই স্কাউটদের নজরেও কাড়েন অশ্বিনী। নিলামে তাঁকে ৩০ লক্ষ টাকায় নিতে তাই দু’বার ভাবেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা।
অশ্বিনী বলেন, ‘জানতাম না যে, আর কোনও ভারতীয় আইপিএল অভিষেকে চার উইকেট নেয়নি। আমাকে সবচেয়ে তৃপ্তি দিয়েছে আন্দ্রে রাসেলের উইকেট। ও বড় ক্রিকেটার। হার্দিক ভাই বলেছিল, রাসেলকে ভয় পেও না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ