দুই নৌকায় পা দিয়ে চলা কার্যত অসম্ভব। কারণ একটি দিক টালমাটাল হলেই বিপত্তি। তবে আমির খান ঝুঁকি নিতে ভালোবাসেন বরাবর। তাই আপাতত দু’টি নৌকায় পা দিয়েই চলছেন তিনি। না, ব্যক্তি জীবনে নয়। কেরিয়ারে। ‘সিতারে জমিন পার’ ছবির হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় কামব্যাক হচ্ছে তাঁর। এই ছবির উপরেই অনেকাংশে নির্ভরশীল তাঁর পরবর্তী পরিকল্পনা। তবে ভবিষ্যতের তরীর ভরসায় ভর করে বসে থাকতে নারাজ অভিনেতা। তাই ইতিমধ্যে তিনি শুরু করেছেন পরের ছবির পরিকল্পনা। একাধিকবার অভিনেতা জানিয়েছেন, তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’। বড় স্কেলে পৌরাণিক কাহিনিকে পর্দায় ফুটিয়ে তুলতে চান তিনি। কেবল পুরাণ নয়। শোনা যাচ্ছে, এর পাশাপাশি একটি বাণিজ্যিক ঘরানার ছবির বিষয়েও আলোচনা করছেন নায়ক। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজি তৈরির নেপথ্যে ছিল দক্ষিণের ‘মিথরি মুভি মেকার্স’। হায়দরাবাদের এই স্টুডিওর সঙ্গেই একটি প্যান ইন্ডিয়ান ছবির জন্য আলোচনা করছেন আমির। একদিকে পুরাণ অন্যদিকে বাণিজ্যিক ঘরানার ছবি— দুই নৌকার ভারসাম্য বজায় রাখছেন মিস্টার পারফেকশনিস্ট। অন্যদিকে, পহেলগাঁওয়ের মর্মান্তিক জঙ্গি হামলার পর ‘আন্দাজ আন্দাজ আপনা আপনা’ ছবির স্পেশাল স্ক্রিনিং এড়িয়েছেন আমির।



