Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়লেও আপাতত বজায় থাকবে শীতের আমেজ, দিনকয়েক পরেই ফের জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা

নতুন বছরের প্রথম সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ মোটামুটি বজায় থাকবে। আশা করছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে ধাপে ধাপে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়লেও  আপাতত বজায় থাকবে শীতের আমেজ, দিনকয়েক পরেই ফের জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের প্রথম সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ মোটামুটি বজায় থাকবে। আশা করছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে ধাপে ধাপে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমি ঝঞ্ঝা আসার ফলে উত্তুরে হাওয়া কমজোরি হয়ে পড়বে। স্বভাবতই বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ৬-৭ জানুয়ারির পর সর্বনিম্ন তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও কলকাতায় তা ১৪-১৫ ডিগ্রির আশপাশে থাকবে বলে আশা করছেন তাঁরা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এইসময়ে ১১-১২ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। আকাশ পরিষ্কার থাকার কারণে বাড়বে দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা। ভোরের দিকে কুয়াশা অব্যাহত থাকবে রাজ্যজুড়েই। 

Advertisement

বুধবার ছিল বছরের শেষদিন। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় মরশুমের শীতলতম দিন ছিল সেটি। বৃহস্পতিবার বছরের প্রথম দিনে সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের  বাইরে একাধিক জেলাতেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির অনেক কম ছিল। দক্ষিণবঙ্গে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা (৭.৫ ডিগ্রি) রেকর্ড হয়েছে শ্রীনিকেতন ও কল্যাণীতে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অল্প বেড়ে হয় ১১.৬ ডিগ্রি।  উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে শীতলতম ছিল রায়গঞ্জ (৯ ডিগ্রি)। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি। পশ্চিমি ঝঞ্ঝার জন্য  শুক্র ও শনিবার দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকায় তুষারাপাতের সম্ভাবনার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। পাহাড় ও লাগোয়া এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দেশের আবহাওয়ার দীর্ঘকালীন যে পূর্বাভাস জারি করেছে তাতে জানুয়ারি মাসে দেশের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলে জানানো হয়েছে। তবে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। মধ্য ভারত, পূর্ব ভারত ও বিহারে জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, দেশের ওইসব স্থানে শৈত্যপ্রবাহের প্রভাব এরাজ্যেও পড়ে। ডিসেম্বরে অধিকাংশ দিন রা঩জ্যের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম কিংবা তার আশপাশে থাকলেও শৈত্যপ্রবাহ পরিস্থিতি হয়নি। জানুয়ারিতে তা হওয়ার সম্ভাবনা থাকছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ